Sylhet Today 24 PRINT

দৃশ্যমান পদ্মা সেতুর সোয়া এক কিলোমিটার

সিলেটটুডে ডেস্ক |  ২০ ফেব্রুয়ারী, ২০১৯

পদ্মা বহুমুখী সেতুতে বসল অষ্টম স্প্যান। বুধবার (২০ ফেব্রুয়ারি) দুপুর ১২টা ৩৫ মিনিটে শরীয়তপুরের জাজিরা প্রান্তে ৩৫ ও ৩৬ নম্বর পিলারের ওপর স্প্যানটি বসানো হয়। এর মাধ্যমে দৃশ্যমান হলো সেতুর ১২শ মিটার বা সোয়া এক কিলোমিটার।

এর আগে সকালে ঘন কুয়াশার কারণে স্প্যানটি উঠাতে খানিকটা দেরি হয়। পরে বেলা পৌঁনে ১১টার দিকে শুরু হয় স্প্যান তোলার কাজ। এরপর বাকি থাকবে আরো ৩৩ টি স্প্যান।

এর আগে গত মঙ্গলবার (১৯ ফেব্রুয়ারি) বিকেলে স্প্যান‌টি পদ্মা সেতু থেকে সাত কিলোমিটার দূরে নিয়ে যাওয়া হয়েছিল। প্রবল বর্ষায় ক্রে‌নের চলাচ‌লের বিষয়‌টি ধারণা নি‌তে এটা করা হয়।

পদ্মা সেতুর প্রকল্প পরিচালক শফিকুল ইসলাম সংবাদ মাধ্যমকে জানিয়েছিলেন, মঙ্গলবার সকাল আটটার দিকে মাওয়া থেকে স্প্যানটি ৩ হাজার ৬০০ ট‌ন ক্ষমতাসম্পন্ন একটি ক্রেনে তুলে জাজিরা প্রান্তে নিয়ে যাওয়া হয়েছে। জাজিরা প্রান্তে সেতুর শেষ পিলার ৪২ থেকে ৩৬ নম্বর পিলারের মধ্যে এখন পর্যন্ত ৬টি স্প্যান বসানো হয়েছে। আর মাওয়া প্রান্তে ৪ ও ৫ নম্বর পিলারে একটি স্প্যান বসানো হয়েছে।

চার বছর আগে বছর আগে ২০১৫ সালের ডিসেম্বরে পদ্মা সেতুর কাজ শুরু হয়েছিল। ৬.১৫ কিলোমিটার দৈর্ঘ্যের এই সেতুর কাজ শেষ হওয়ার কথা ছিলো গত বছরের ডিসেম্বরে। তবে প্রকৃতির প্রতিকূলতায় ২০২০ সালের শেষে যান চলাচলের জন্য খুলবে পদ্মা সেতু। এর নির্মাণে ব্যয় হচ্ছে ৩৩ হাজার কোটি টাকা।

এখন পর্যন্ত পদ্মা সেতুতে পানির ওপর ও নিচের পাইল বসানো পুরোপুরি শেষ হয়েছে ১৮৮টির। শুধুমাত্র পাইলের নিচের অংশ বসানো শেষ হয়েছে ১১টির। আর ২২০টি পাইল বানানো শেষ হয়েছে। এছাড়া পিয়ারের পূর্ণাঙ্গ কাজ শেষ হয়েছে ১৫টি।

অন্যদিকে, স্প্যান বসানো হয়েছে ৭টি, বাকি আছে ৩৪টি। মোট ৪১টি স্প্যান এবং ৪২ খুঁটিতে পূর্ণরূপ পাবে ৬ কিলোমিটারের বেশি লম্বা এই পদ্মা সেতু।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.