Sylhet Today 24 PRINT

নগরীর শিবগঞ্জে নিজ বাসায় শ্রমিক খুন

নিজস্ব প্রতিবেদক  |  ২১ ফেব্রুয়ারী, ২০১৯


সিলেট নগরীর শিবগঞ্জ খরাদি পাড়ায় নিজ বাসায় খুন হয়েছেন এক তুলা শ্রমিক। নিহত শ্রমিক মেজবাউল হক (৫৫) সুনামগঞ্জের ছাতক উপজেলাল সৈদেরগাওয়ের মৃত মুস্তাক হোসেনের ছেলে। বুধবার রাত সাড়ে ১১টার দিকে খরাদি পাড়া বৈশাখি ১০৬ নম্বর বাসায় অজ্ঞাত দুবৃত্তরা তাকে কুপিয়ে হত্যা করে বলে জানা গেছে।

মেজবাউল হক খরাদি পাড়া এলাকার একটি তুলার ফ্যাক্টরিতে কাজ করতেন।

এলকাবাসী সু্ত্রে জানা যায়- বুধবার রাত সাড়ে ১১টার দিকে নিজ বাসায় মেজবাউলকে দুবৃত্তরা কুপিয়ে আহত করে পালিয়ে যায়। পরে ঘরে মেঝে থেকে রক্তাক্ত অবস্থায় স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

নগরীর শাহপরান (রহ.) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আক্তার হোসেন বলেন- হত্যাকান্ডের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল ও হাসপাতালে গিয়েছে। মরদেহ ওসমানী হাসপাতালের মর্গে রাখা হয়েছে। কারা এবং কি কারণে তাকে হত্যা করা হয়েছে তা খুঁজে বের করার চেষ্টা করা হচ্ছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.