Sylhet Today 24 PRINT

একুশে ফেব্রুয়ারিতে শ্রুতির বর্ণমালা মিছিল

সিলেটটুডে ডেস্ক |  ২১ ফেব্রুয়ারী, ২০১৯

একুশে ফেব্রুয়ারি উপলক্ষে প্রতি বছরের মত এবারও সাংস্কৃতিক সংগঠন শ্রুতি আয়োজন করেছে বর্ণমালার মিছিলের। অনুষ্ঠানমালায় ছিল একুশের গান, কবিতা পাঠ ও বর্ণমালার মিছিল।

বৃহস্পতিবার (২১ ফেব্রুয়ারি) নগ্ন পায়ে একুশের সুরে বর্ণমালার মিছিল শুরু হয়। সবার হাতে হাতে ছিল বর্ণমালা আর কন্ঠে ছিল একুশের গান।

সূর্যোদয়ের পরপরই গৌরবের বাংলা বর্ণমালা হাতে নিয়ে নগ্ন পায়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে নতুন প্রজন্মের প্রতিনিধিরা শ্রদ্ধার্ঘ্য প্রদান করে শহীদবেদীতে।

বর্ণমালা হাতে বর্ণমালার মিছিলে বারবার উচ্চারিত হয়েছে সেই সব শহীদর আত্মদানের কথা যাদের আত্মত্যাগের ফলে আমরা বাংলায় মা কে ‘মা’ বলে বলতে পারছি।

অনুষ্ঠানে শুরুতে স্বাগত বক্তব্য রাখেন শ্রুতির সদস্য সচিব সুকান্ত গুপ্ত।

এ সময় আরও বক্তব্য রাখেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব ব্যারিস্টার আরশ আলী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব মুক্তিযোদ্ধা ভবতোষ বর্মণ রানা, কবি সুমিতা দত্ত, শ্রুতি সিলেটের সমন্বয়ক সুমন্ত গুপ্ত প্রমুখ।

এতে আরও উপস্থিত ছিলেন সিলেটের প্রগতিশীল সাংস্কৃতিক সংগঠনের সদস্যবৃন্দ।

আলোচনা সভায় বক্তারা বলেন, বাঙালির মননে অনন্য মহিমায় ভাস্বর চিরস্মরণীয় একুশে ফেব্রুয়ারি। ইতিহাসের পাতায় রক্ত পলাশ হয়ে ফোটা সালাম, বরকত, রফিক, জব্বার, সফিউর, আউয়াল, অহিউল্লাহর রক্তে রাঙানো অমর ২১শে ফেব্রুয়ারি আজ। রক্তস্নাত ভাষা আন্দোলনের স্মৃতিবহ মহান শহীদ দিবস। একই সঙ্গে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস।

মাথা নত না করার চির প্রেরণার অমর একুশের এ দিনে সারা বিশ্বের কোটি কণ্ঠে উচ্চারিত হচ্ছে একুশের অমর শোকসংগীত ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি/ আমি কি ভুলিতে পারি...।’

ভাষা শহীদদের রক্তে শৃঙ্খলমুক্ত হয়েছিল দুঃখিনী বর্ণমালা, মায়ের ভাষা। বাঙালি জাতিসত্তা বিকাশের যে সংগ্রামের সূচনা সেদিন ঘটেছিল, মুক্তিযুদ্ধের গৌরবময় পথ বেয়ে স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের মধ্য দিয়ে তা চূড়ান্ত পরিণতি লাভ করে। একুশে ফেব্রুয়ারি তাই বাঙালির কাছে চির প্রেরণার প্রতীকে পরিণত হয়েছে।

১৯৫২ সালের একুশে ফেব্রুয়ারি ঢাকার রাজপথে ঘটেছিল বাঙালির ইতিহাস পাল্টে দেওয়ার ঘটনা। ‘বাংলা ভাষা প্রাণের ভাষা’ স্লোগানে মাতৃভাষার মর্যাদা রক্ষায় অকাতরে প্রাণ বিলিয়ে দেয় বাঙালি তরুণ প্রজন্ম। একুশের চেতনা আমাদের আত্মমর্যাদাশীল করেছে। ‘একুশ মানে মাথা নত না করা’ চিরকালের এ স্লোগান তাই আজও সমহিমায় ভাস্বর।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.