Sylhet Today 24 PRINT

নগরীতে পুলিশভ্যান-অটোরিকশা সংঘর্ষ, আহত ৩

নিজস্ব প্রতিবেদক |  ২৬ ফেব্রুয়ারী, ২০১৯

সিলেটের নগরের কাজিরবাজার সেতু সংলগ্ন তেলিহাওরে পুলিশভ্যান ও সিএনজি চালিত অটোরিকশার সংঘর্ষে তিনজন আহত হয়েছেন।

মঙ্গলবার (২৬ ফেব্রুয়ারি) সকালে তেলিহাওরের নর্থইষ্ট ইউনিভার্সিটি বাংলাদেশের সামনে এ দুর্ঘটনা ঘটে।

আহতরা হলেন- নেত্রকোনা জেলার আটপাড়া উপজেলার সোনাজুড় গ্রামের লাইব আলীর ছেলে আলিম মিয়া (৪০), তাহের উদ্দিন (৩০) ও সিএনজিচালিত অটোরিকশাচালক জালালাবাদ এলাকার নাজিরের গাওয়ের শানুর আলীর ছেলে জাহাঙ্গীর (২৪)।

আহতদের মধ্যে মাথায় আঘাতপ্রাপ্ত আলিম মিয়ার অবস্থা গুরুতর বলে জানিয়েছেন সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ ও হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে পুলিশভ্যান দ্রুতগতিতে পুলিশ লাইন্সের দিকে যাচ্ছিলো। পথে নগরের কাজিরবাজার সেতু সংলগ্ন তেলিহাওরের নর্থইষ্ট ইউনিভার্সিটি বাংলাদেশের সামনে এলে সিএনজি  চালিত একটি অটোরিকশাকে পেছন থেকে ধাক্কায় দেয়। এতে অটোরিকশাচালকসহ দুই পথচারী আহত হন।

পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠান।

এ ব্যাপারে সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) কোতোয়ালি থানাধীন ওসমানী মেডিকেল ফাঁড়ির ইনচার্জ (এসআই) ফারুক হোসেন বলেন, খবর পেয়ে সিলেট কোতোয়ালি থানার লামাবাজার ফাঁড়ি পুলিশ দুর্ঘটনাকবলিত গাড়ি দু’টি উদ্ধার করেছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.