নিজস্ব প্রতিবেদক | ২৮ ফেব্রুয়ারী, ২০১৯
বসন্তেই বর্ষার আমেজ দেখা দিয়েছে সিলেটে। বুধবার দিনভর ছিলো বৃষ্টি। আবাহওয়া অফিস জানিয়েছে, এই অবস্থা বজায় থাকতে পারে আজও।
টানা বৃষ্টিতে নগরজীবনে কিছুটা দুর্ভোগ নেমে আসলেও কৃষকদের জন্য এসেছে আশীর্বাদ হয়ে। বিশেষত হাওরের কৃষকরা এতোদিন বৃষ্টিরই অপেক্ষায় ছিলেন। বোরো ফসলের জন্য প্রয়োজন ছিলো বৃষ্টির। কাঙ্খিত বৃষ্টির দেখা পেয়ে খুশি হাওরের কৃষকরা।
তবে আশীর্বাদের বৃষ্টির সাথে দেখা দিয়েছে বজ্রপাতের শঙ্কাও। গত কয়েকবছর থেকেই বৃষ্টির সাথে বেড়েছে বজ্রপাত। বিশেষত সুনামগঞ্জসহ দেশের হাওরাঞ্চলে আশঙ্কাজনক হারে বেড়েছে বজ্রপাতে প্রাণহানির সংখ্যা।
এই বৃষ্টিতেও বজ্রপাতের শঙ্কা প্রকাশ করেছে আবহাওয়া অধিদপ্তর। বুধবারই কানাইঘাটে বজ্রপাতে মারা গেছে দুটি গরু। বজ্রপাতে আহত হন ওই গরু দুটির মালিক। বুধবার সকাল ১০টার দিকে এ বজ্রপাতের ঘটনা ঘটে।
সিলেট আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ সাঈদ আহমদ চৌধুরী বলেন, ফাল্গুনের মাঝামাঝি সময়ে মাঝারী ধরণের এ বৃষ্টি বোরো চাষিদের জন্য খুব দরকার। কারণ তারা যখন বোরো চাষ করেন তখন শুকনা মৌসুম থাকে। সেসময় তাদের চাষাবাদের জন্য প্রয়োজন হয় কৃত্রিম সেচ পদ্ধতির। যা তাদের জন্য ব্যয়বহুল। তাই বসন্তের এ বৃষ্টি তাদের জন্য আশীর্বাদই বলা যায়। তবে এর সাথে বজ্রপাত আতঙ্ক রয়েছে বলেও জানান তিনি।
এদিকে দেশের সবচেয়ে বজ্রপাতপ্রবণ এলাকায় পরিণত হয়েছে সুনামগঞ্জ। ২০১৬ সাল থেকে সেখানে বজ্রপাতের ফলে বেড়েছে মৃতের সংখ্যাও। তাই এ আবহাওয়াবিদ চাষাবাদের পাশাপাশি কৃষকদেরকে বজ্রপাত থেকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন।
সিলেট আবহাওয়া অফিসের পক্ষ থেকে আগামী ৪৮ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে বুধবার সকাল থেকে শুক্রবার সকাল পর্যন্ত ৮০ থেকে ৯০ মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে। যা পরবর্তী ৪৮ ঘণ্টার শেষ দিকে উন্নতি হতে পারে। বুধবার থেকে শুরু হওয়া বৃষ্টিতে সিলেট অঞ্চলে কিছুটা হিমশীতল বায়ু প্রবাহিত হবে এবং কিছুটা ঠাণ্ডা অনুভূত হবে। একই সাথে দিন অনুপাতে রাতে বৃষ্টির পরিমাণ আরো বাড়তে পারে। এছাড়াও রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।
এছাড়াও আগামী শুক্রবার সকাল থেকে সিলেটবাসী রৌদ্রোজ্জ্বল আবহাওয়া পেলেও মঙ্গলবার (৫ মার্চ) থেকে মৌসুমি বায়ু সক্রিয় হওয়া ফলে ফের বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে আগামী ৮ মার্চ থেকে সিলেটে অস্থায়ী দমকা হাওয়া ও ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি ও ভারি থেকে ভারি বর্ষণ ও শিলাবৃষ্টি হতে পারে বলেও জানা যায়।