Sylhet Today 24 PRINT

সিলেটে আজও সারাদিন বৃষ্টি

নিজস্ব প্রতিবেদক |  ২৮ ফেব্রুয়ারী, ২০১৯

পশ্চিমা লঘুচাপের প্রভাবে সিলেটসহ দেশের কয়েকটি স্থানে গতকাল থেকে বৃষ্টি শুরু হচ্ছে। সিলেট আবহাওয়া অফিস সূত্রে জানা যায়, আজ বৃহস্পতিবার সারাদিনই বৃষ্টি ঝরবে।

সিলেট আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ সাঈদ আহমদ চৌধুরী সিলেটটুডে টোয়েন্টিফোরকে জানিয়েছেন, গতকাল বুধবার সকাল থেকেই সিলেট শহরসহ আশপাশের সকল এলাকায় বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টিটা কোথাও একটু বেশি হয়েছে, কোথাও গুড়িগুড়ি হচ্ছে। দিনটি মোটামুটি বিরূপ আবহাওয়ার মধ্য দিয়েই যাবে।

পশ্চিমা লঘুচাপের প্রভাবেই মূলত দেশের আবহাওয়ার বর্তমান অবস্থা। সকালবেলার দিকে বৃষ্টি কম হলেও সারাদিনই আকাশ মেঘলা ও অন্ধকার থাকবে। দিন বাড়ার সাথে সাথে বাড়তে পারে বৃষ্টির পরিমাণও।

আবহাওয়া কার্যালয় থেকে আরও জানানো হয়েছে, বঙ্গোপসাগরে একটি লঘুচাপ অবস্থান করছে। সেই লঘুচাপের সঙ্গে পুবালি বাতাসের সংযোগের কারণেই বৃষ্টি ঝরছে সারা দেশে।

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন বাংলাদেশ পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

এদিকে সিলেট বিভাগসহ রাজশাহী, রংপুর, ঢাকা, ময়মনসিংহ, ও খুলনা বিভাগের অনেক জায়গায় এবং বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ী দমকা/ঝড়ো হাওয়াসহ বৃষ্টি/বজ্রবৃষ্টি হতে পারে। সেইসঙ্গে বিচ্ছিন্নভাবে মাঝারি ধরনের ভারি থেকে ভারি বর্ষণ ও শিলাবৃষ্টি হতে পারে।

আরো জানা যায়, সোমবার থেকে শুরু হওয়া বৃষ্টি আগামীকাল শুক্রবার সকাল পর্যন্ত হতে পারে। এছাড়াও ৮০ থেকে ৯০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই দুইদিনে।

তিনি আরো জানান, আগামীকাল শুক্রবার সকাল থেকে সিলেটবাসী রৌদ্রোজ্জ্বল আবহাওয়া পেলেও মঙ্গলবার (৫ মার্চ) থেকে মৌসুমি বায়ু সক্রিয় হওয়া ফলে ফের বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে আগামী ৮ মার্চ (শুক্রবার) থেকে সিলেটে অস্থায়ী দমকা হাওয়া ও ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি ও ভারি থেকে ভারি বর্ষণ ও শিলাবৃষ্টি হতে পারে বলেও জানান এ আবহাওয়াবিদ । 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.