Sylhet Today 24 PRINT

সিলেটে ৯ মার্চ থেকে শুরু হচ্ছে আন্তর্জাতিক বাণিজ্যমেলা

নিজস্ব প্রতিবেদক |  ০৩ মার্চ, ২০১৯

সিলেটে ৯ মার্চ থেকে শুরু হচ্ছে আন্তর্জাতিক বাণিজ্যমেলা। নগরীর শাহী ঈদগাহের শেখ রাসেল মিনি স্টেডিয়ামে এই মেলার আয়োজন করছে সিলেট মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্টিজ (এসএমসিসিআই)। রোববার দুপুরে নিজেদের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান এসএমসিসিআই নেতৃবৃন্দ।

এরআগে গত নভেম্বর-ডিসেম্বরে একইমাঠে আন্তর্জাতিক বাণিজ্যমেলার আয়োজন করে সিলেট চেম্বার অব কমার্স। মাত্র দুই মাসের ব্যবধানে সিলেটে দুটি বাণিজ্য মেলা হতে যাচ্ছে।

সংবাদ সম্মেলনে মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সহ-সভাপতি, সিলেট ৫ম আন্তর্জাতিক বাণজ্যমেলা-২০১৯ এর আহবায়ক মো. আব্দুল জব্বার জলিল জানান, এবারের মেলাটি দর্শনার্থী ও ক্রেতাদের জন্য অত্যন্ত আকর্ষণীয় এবং মনোমুগ্ধকর পরিবেশে আয়োজনের সকল ব্যবস্থা গ্রহন করা হয়েছে। দেশী বিদেশী মানসম্পন্ন পন্যসামগ্রী প্রদর্শন ও ক্রয়/বিক্রয়ের মাধ্যমে পরিপূর্ণ হবে এ বাণিজ্যমেলা। বাংলাদেশের বড় বড় পণ্য উৎপাদনকারী প্রতিষ্টান এবং ভারত, চীন, মিশর, থাইল্যান্ড, পাকিস্তান সহ বিশ্বের আরো বিভিন্ন দেশের স্টল থাকবে মেলায়।

তিনি বলেন, প্রবাসী অধ্যুষিত সিলেট অঞ্চলের স্থানীয় ব্যবসায়ী, তৃণমূল নারী উদ্যোক্তা,তরুণ উদ্যোক্তা ও ব্যবসায়ীদের উৎসাহীত করার লক্ষ্যে দেশী ও বিদেশী সম্মিলিত অংশগ্রহণে এবারের বাণিজ্যমেলার আয়োজন করা হয়েছে। বাণিজ্যমেলায় সমাজের অবহেলিত সম্প্রদায়কে পূর্নবাসনে সহায়তার জন্য এবং তাদেরকে কর্মমুখী করার লক্ষ্যে প্রতিবছরের ন্যায় এবারও ফ্রি স্টল বরাদ্ধ দেওয়া হয়েছে। শিশুদের বিনোদনের জন্য শিশুপার্ক ও বিভিন্ন আকর্ষণীয় এবং বিনোদনমুলক ইভেন্টের ব্যবস্থা রয়েছে। মাঠের নিরাপত্তার জন্য সরকারী বিভিন্ন নিরাপত্তা বাহিনীর পাশাপাশী থাকবে আমাদের নিজস্ব পোষাকদারী নিরাপত্তা কর্মীবাহিনী।এছাড়াও সারা মাঠ জুড়ে থাকবে সিসি ক্যামেরা। রাস্তা ও পার্কিংয়ের শৃংখলার দ্বায়ীত্বে থাকবে সিলেট মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক পূলিশ ও আমাদের নিজস্ব নিরাপত্তা কর্মীবাহিনী। সার্বক্ষণিক নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের জন্য থাকবে জেনারেটর ব্যবস্থা।

বাণিজ্যমেলায় প্রতিবন্ধীদের জন্য প্রবেশ পাসসহ শিশুদের বিনোদনের সকল ইভেন্ট প্রতিবন্ধী শিশুদের ফ্রি ব্যবহারের ব্যবস্থা রয়েছে। প্রতিবন্ধীদের জন্য নির্ধারিত পরিচয়পত্র প্রদর্শনপূর্বক পাসকার্ড মেলার গেইট অথবা অফিস চলাকালীন সময় অফিস থেকে সংগ্রহ করতে পারবে।

এ সময় উপস্থিত ছিলেন সিলেট মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি (এসএমসিসিআই) সভাপতি হাসিন আহমদ, সহ-সভাপতি হুরায়রা ইফতার হোসেন, প্রাক্তণ পরিচালক শফিউল আলম চৌধুরী, মাওলানা খায়রুল হোসেন, পরিচালক মাহবুবুর রহমান, জালাল উদ্দিন আহমদ, আলীমুছ ছাদাত চৌধুরী, মাহমুদ বক্স রাজন, মাসুদ জামান, কাজী মকবুল হোসেন, মো. ইলিয়াছুর রহমান, রাজীব ভৌমিক, শাব্বির আহমদ, শাহ আলম এবং মেলার সমন্বয়ক এম, এ মঈন খাঁন বাবলু, সচিব মো. জাহাঙ্গীর হোসেন প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.