Sylhet Today 24 PRINT

কার্নিশে আটকে পড়া বিড়াল উদ্ধার করলো ফায়ার সার্ভিস

সিকৃবি প্রতিনিধি |  ০৩ মার্চ, ২০১৯

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) ছাত্র শিক্ষক কেন্দ্র ভবনের কার্নিশে আটকে পড়া বিড়াল উদ্ধার করেছে ফায়ার সার্ভিস ও সিকৃবির প্রাণী অধিকার রক্ষা বিষয়ক সংগঠন প্রাধিকার।

রোববার (৩ মার্চ) বিকেল ৫টায় ক্লাস শেষে বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র ভবনের চতুর্থ তলার কার্নিশে একটি বিড়ালকে আটকে পড়া অবস্থায় লক্ষ করেন ভেটেরিনারি, বায়োমেডিক্যাল ও এনিম্যাল সায়েন্সেস অনুষদের দ্বিতীয় বর্ষের এক শিক্ষার্থী। তৎক্ষণাৎ তিনি খবর দেন প্রাধিকারকে। প্রাধিকারের টিম সেখানে পৌঁছে অনেকক্ষণ চেষ্টা করেও উদ্ধার করতে পারেনি বিড়ালটিকে।

পরে তারা ফায়ার সার্ভিসকে খবর দিলে রাত আটটার দিকে ফায়ার সার্ভিসের একটি ইউনিট বিশ্ববিদ্যালয় পৌঁছে। প্রায় এক ঘণ্টায় প্রচেষ্টায় বিড়ালটিকে উদ্ধার করতে সক্ষম হন তারা।

এ ব্যাপারে ফায়ার সার্ভিসের ইউনিট লিডার মো. ফয়েজ মিয়া জানান, শিক্ষার্থীদের কাছ থেকে খবর পেয়ে তারা বিড়ালটিকে উদ্ধার করতে আসেন। অনেক চেষ্টার পর বিড়ালটিকে উদ্ধার করতে পেরে সবাই আনন্দিত।

এদিকে প্রাধিকারের সংগঠক মহিউদ্দিন রিফাত জানান, মানুষের মত প্রাণীদেরও অধিকার আছে। বর্তমান সরকারের প্রচেষ্টায় বিভিন্ন মহলে প্রাণীদের জন্য আন্তরিকতা তৈরি হয়েছে। প্রাধিকার প্রাণী অধিকার রক্ষায় কাজ করে। বিড়ালটিকে উদ্ধার অভিযানে ফায়ার সার্ভিসের সহযোগিতার জন্য কৃতজ্ঞ আমরা।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.