মৌলভীবাজার প্রতিনিধি | ০৪ আগস্ট, ২০১৫
বৃক্ষ সংরক্ষণে প্রধানমন্ত্রীর জাতীয় পুরস্কারের সাথে প্রাপ্ত সম্মানির অর্থ বৃক্ষরোপণ ও পরিবেশবান্ধব কাজের জন্য জেলা প্রশাসকের হাতে তুলেন দিলেন বৃক্ষ সংরক্ষণে প্রধানমন্ত্রী কর্তৃক জাতীয় পুরস্কারে ভূষিত হওয়া মৌলভীবাজারের সাংবাদিক বিকুল চক্রবর্ত্তী।
মঙ্গলবার (৪ আগস্ট) সকালে মৌলভীবাজার প্রেসক্লাব মিলনায়তনে প্রেসক্লাব নেতৃবৃন্দকে সাথে নিয়ে বিকুল চক্রবর্ত্তী মৌলভীবাজার জেলা প্রশাসক মো. কামরুল হাসানের হাতে তার সম্মাননার এ অর্থ তুলে দেন।
এ সময় উপস্থিত ছিলেন মৌলভীবাজার সদর উপজেলা নিবার্হী কর্মকর্তা কামরুজ্জামান, জেলা কৃষি কর্মকর্তা লুৎফুন বারী, প্রেসক্লাব সহসভাপতি আব্দুল হামিদ মাহবুব ও সাধারণ সম্পাদক এস এম উমেদ আলী ।
মৌলভীবাজার জেলা প্রশাসক কামরুল হাসান সহ অতিথিরা তার সম্মাননার এ অর্থ আবার বৃক্ষরোপণ ও পরিবেশ বান্ধব কাজের জন্য রাষ্ট্রের কাছে হস্তান্তর করায় স্বাগত জানান।
এ সময় বিভিন্ন সরকারী কর্মকর্তাসহ মৌলভীবাজার প্রেসক্লাবের বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার সকালে রাজধানীর ফার্মগেট কৃষিবিদ ইনষ্টিটিউট মিলনায়তনে জাতীয় বৃক্ষমেলার সমাপনি অনুষ্ঠানে পরিবেশ ও জীববৈচিত্র এবং বৃক্ষ সংরক্ষণে অবদানের জন্য ‘বৃক্ষরোপণে প্রধানমন্ত্রীর জাতীয় পুরস্কার-২০১৪’ গ্রহণ করেন বিকুল চক্রবর্ত্তী। এসময় তাকে একটি সনদপত্র ও সম্মানী হিসেবে নগদ ১৫ হাজার টাকার একটি চেক দেওয়া হয়।
সাংবাদিক বিকুল চক্রবর্ত্তী বৃক্ষরোপণে মানুষকে উদ্বুদ্ধ করা, সামাজিক বনায়নে অংশ নেওয়ার পাশাপাশি পরিবেশ ও জীববৈচিত্র সংরক্ষণের উপর জোর দিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ পরিবেশন করেন।
বিকুল চক্রবর্ত্তী জানান, পুরষ্কারের আশায় তিনি কোন দিনই কাজ করেননি। তবে এ পুরস্কার তার ভবিষ্যতে কাজের উৎসাহ যোগাবে। সহকর্মি সবাইকে নিয়ে পরিবেশ ও জীব-বৈচিত্র সংরক্ষণে কাজ করে যাওয়ার আশা প্রকাশ করেন তিনি।
বিকুল চক্রবর্ত্তী শ্রীমঙ্গল উপজেলার সবুজবাগ আবাসিক এলাকার বাসিন্ধা। তিনি ভোরের কাগজ ও একুশে টেলিভিশনের মৌলভীবাজার প্রতিনিধি এবং শ্রীমঙ্গল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক।