দিরাই প্রতিনিধি | ০৫ মার্চ, ২০১৯
ক্ষমতায় না থাকলেও শিক্ষার উন্নয়নে কাজ করে যাবেন উল্লেখ করে দিরাই উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা শিক্ষা কমিটির সভাপতি হাফিজুর রহমান তালুকদার বলেন, আমি সব সময় শিক্ষার উন্নয়নে কাজ করেছি। শিক্ষকদের পাশে থেকেছি। চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনের শেষ সময়ে এসে পড়েছি। অসুস্থতার কারণে এবার নির্বাচনে আমি অংশগ্রহণ করছি না।
মঙ্গলবার (৫ মার্চ) দুপুরে উপজেলার সরমঙ্গল ইউনিয়ন পরিষদের উদ্যোগে ইউনিয়নের আলোর দিশারী উচ্চ বিদ্যালয় ও ১১টি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে স্কুল ব্যাগ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, দায়িত্বে না থাকলেও আমি একজন শিক্ষক হিসেবে আজীবন শিক্ষার মানোন্নয়নে এভাবে কাজ করে যাব। আমি বিগত ৫ বছরে দিরাই উপজেলা পরিষদের অধিকাংশ বাজেট ব্যয় করে বিভিন্ন প্রতিষ্ঠানে প্রয়োজনীয় শিক্ষা উপকরণ দিয়েছি, বিদ্যালয়গুলোতে বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করেছি। শিক্ষায় পিছিয়ে থাকা হাওরাঞ্চলের শিক্ষার্থীরা অনেকটা এগিয়ে গেছে। আমার বিশ্বাস তারা আরো এগিয়ে যাবে।
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও ইউপি চেয়ারম্যান এহসান চৌধুরীর সভাপতিত্বে ও ইউপি সচিব আব্দুল্লাহ আল আমিনের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা দেলোয়ার হোসেন, ব্র্যাকের আঞ্চলিক পরিচালক মিল্টন রায়, ব্র্যাকের উপজেলা সমন্বয়কারী পারুল আক্তার, সহকারী প্রাথমিক কর্মকর্তা নুরুল ইসলাম, ইউপি সদস্য দুলাল মিয়া, চন্ডপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুদীপ্ত দাস, দিরাই অনলাইন প্রেসক্লাব সভাপতি মুজাহিদুল ইসলাম সর্দার।
আরও বক্তব্য রাখেন বিদ্যালয়ের ছাত্র রুবেল মিয়া, তাফসিরা বেগম। অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন বিদ্যালয়ের ছাত্রী তামিম মিয়া, গীতা পাঠ করেন বিদ্যালয়ের ছাত্রী দিনেন্দ্র সরকার।