নিজস্ব প্রতিবেদক | ০৫ আগস্ট, ২০১৫
ফাইল ছবি
সিলেট-ঢাকা মহসড়কের সাদিপুরে স্প্রিড ব্রেকার স্থাপনের দাবিতে সড়ক অবরোধ করেছে স্থানীয় স্কুল শিক্ষার্থীরা। সড়ক দুর্ঘটনা প্রতিরোধে সড়কে স্প্রিড ব্রেকার স্থাপনের দাবি জানায় তারা।
গত রোববার সাদিপুরে সড়ক দুর্ঘটনায় ২য় শ্রেণীর এক ছাত্রীর নিহত হওয়ার প্রেক্ষিতে বুধবার সকাল ১০টায় মহাসড়ক অবরোধ করে স্থানীয় স্কুল শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের প্রতিবাদ কর্মসূচীতে স্থানীয় এলাকাবাসীও যোগ দেয়।
অবরোধের ফলে ঢাকা-সিলেট মহাসড়কের সাদিপুর এলাকায় দীর্ঘ যানজট দেখা দেয়। সাদিপুর সেতুর দুই পাশে আটকা পড়ে অসংখ্য বাস-ট্রকসহ বিভিন্ন যানবাহন।
পরে পুলিশ ও স্থানীয় উপজেলা প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থলে উপস্থিত হয়ে শিক্ষার্থীদের স্প্রিড ব্রেকার নির্মানের আশ্বাস দিলে সকাল ১১ টার দিকে তারা অবরোধ প্রত্যাহার করে নেয়। এরফলে এক ঘন্টা বন্ধ থাকার পর ঢাকা-সিলেট মহাসড়কে ফের যান চলাচল শুরু হয়।
আন্দোলনকারী শিক্ষার্থীরা জানায়, সাদিপুরে প্রায়ই সড়ক দুর্ঘটনা ঘটে। এতে অনেকের প্রাণহানি ঘটে। দুর্ঘটনা প্রতিরোধে স্প্রিডব্রেকার নির্মানের দাবি জানানো হলেও তা আমলে নিচ্ছে না প্রশাসন। সর্বশেষ গত রোববার সড়ক দুর্ঘটনায় প্রাণ হারায় স্থানীয় একটি বিদ্যালয়ের ২য় শ্রেণীর ছাত্রী। নতুন করে আর কাউকে যাতে প্রাণ হারাতে না হয় তাই সড়ক দুর্ঘটনা প্রতিরোধে স্পিড ব্রেকারের দাবিতে অবরোধ করেছে তারা। পরে প্রশাসনের আশ্বাস অবরোধ পত্যাহার করে নে্য়া হয়।
সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) সুজ্ঞান চাকমা বলেন, শিক্ষার্থীরা মহাসড়কে অবস্থান নেওয়ায় ঘন্টাখানেক যান চলাচল বন্ধ ছিলো। পরে পুলিশ গিয়ে তাদের সরিয়ে দিলে যান চলাচল শুরু হয়।