Sylhet Today 24 PRINT

জালালাবাদ গ্যাসের নবাগত এমডিকে বরণ

সিলেটটুডে ডেস্ক |  ০৫ আগস্ট, ২০১৫

জালালাবাদ গ্যাস অফিসার্স ওয়েলফেয়ার এসোসিয়েশনের উদ্যোগে জালালাবাদ গ্যাস টি এন্ড ডি সিস্টেম লিমিটেডের নবাগত ব্যবস্থাপনা পরিচালক ও এসোসিয়েশনের প্রধান পৃষ্ঠপোষক প্রকৌশলী মো. রেজাউল ইসলাম খানকে বরণ ও ৪জন কর্মকর্তাকে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে। বুধবার বিকেলে জালালাবাদ গ্যাস মিলতনায়নে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংবর্ধিত অতিথি প্রকৌশলী মো. রেজাউল ইসলাম খান।

এসময় তিনি স্বাধীন বাংলাদেশের স্থপতি ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের শহীদদের রুহের মাগফেরাত কামনা ও শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়ে বলেন, আগষ্ট মাস শোকের মাস। বাঙালী জাতির জন্য শোকাবহ মাস।

তিনি বলেন, জালালাবাদ গ্যাস একটি লাভজনক প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠান থেকে প্রত্যেক বছর সরকারী কোষাগারে বিপুল পরিমাণ অর্থ জমা দেয়া হয়। আমি বৃহত্তর সিলেট অঞ্চলে সম্মানিত গ্যাস গ্রাহকদের সর্বোত্তম গ্রাহক সেবা প্রদান, কর্মকর্তা-কর্মচারীদের সর্বোচ্চ সন্তুষ্টি সহকারে কার্যক্রম পরিচালনার সুযোগ সৃষ্টি করা তথা পদোন্নতিসহ অন্যান্য জটিলতা নিরসন এবং কোম্পানীর উত্তরোত্তর সমৃদ্ধি ও সাফল্য অর্জনে চেষ্ঠা করব। তিনি আরো বলেন, নব উদ্যমে কাজ করে যেতে চাই। কোম্পানীকে উন্নতির শিখরে নিয়ে যেতে চাই। এজন্য সকলের সহযোগিতা প্রয়োজন। সকলের সার্বিক সহযোগিতা পেলে এ্ কোম্পানীর উন্নতি অবশ্যম্ভাবী।

জালালাবাদ গ্যাস অফিসার্স ওয়েলফেয়ার এসোসিয়েশনের সভাপতি কায়েছ আহমদের সভাপতিত্বে ও জালালাবাদ গ্যাসের মহাব্যবস্থাপক (রাজস্ব) অলক কুমার মিত্রের পরিচালনায় অনুষ্ঠানে বিদায়ী সংবর্ধিত অতিথিদে মধ্যে বক্তব্য রাখেন, জালালাবাদ গ্যাসের উপ-মহাব্যবস্থাপক (অব.) মো. আলী হোসেন ও আকম গোলাম রসুল, সহ কারিগরী কর্মকর্তা (অব.) মো. মোস্তফা।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন, এসোসিয়েশনের সিনিয়র সহ
সভাপতি রমেন্দ্র কুমার সিংহ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জালালাবাদ গ্যাসের মহাব্যবস্থাপক (অর্থ) সঞ্চিত কুমার নাহা, কোম্পানী সচিব খান মো. বদিউজ্জামান ও খন্দকার মো. রেজাউল ইসলাম, মো. লিয়াকত আলী গাজী, এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. শিহাব উদ্দিন খান।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে কায়েছ আহমদ জাতির জনকের ৪০ তম শাহাদত বার্ষিকীতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁহার পরিবারের সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনা এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করে বলেন, এ কোম্পানীর বর্তমান অবস্থান অতীতের যেকোন সময়ের চেয়ে বহু ভাল রয়েছে। নবাগত ব্যবস্থাপনা পরিচালক কোম্পানীতে যোগদানের সাথে সাথেই নিরপেক্ষভাবে বাছাই করে নয়জন ব্যবস্থাপককে বৈদেশিক প্রশিক্ষণে প্রেরণ করেছেন। আশা করি নিরপেক্ষতার ছাপ আগামীতেও বজায় রাখবেন।

তিনি আরো বলেন, ব্যবস্থাপনা পরিচালকের ঐকান্তিক প্রচেষ্ঠায় স্বল্পতম সময়ে প্রায় দেড় শতাধিক কর্মকর্তা-কর্মচারী সিলেকশন গ্রেড ও টাইমস্কেল প্রদান করেছেন। যার ফলশ্রুতিতে সকলের মাঝে কর্মচাঞ্চল্যতা ফিরে এসেছে এবং সকলের কর্মস্পৃহা বৃদ্ধি পেয়েছে। তিনি সকল জটিলতা কাটিয়ে অচিরেই পদোন্নতি প্রদানের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য এমডিকে অনুরুধ করেন। কোম্পানীর সকল উন্নয়ন কর্ম পরিচালনায় এসোসিয়েশনের সার্বিক সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশ্বাস দেন তিনি।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জালালাবাদ গ্যাসের মহাব্যবস্থাপক (পরিকল্পনা) প্রকৌশলী মো. মাহবুব আলম, মহাব্যবস্থাপক (বিপনন, উত্তর) প্রকৌশলী মো. আবদুল মুমিন, মহাব্যবস্থাপক (কনস্ট্রাকশন) প্রকৌশলী শোয়েব আহমদ মতিন, প্রকল্প পরিচালক প্রকৌশলী জসিম উদ্দিন আহমদ, মহাব্যবস্থাপক (প্রশাসন) মো. আমিনুল ইসলাম, মহাব্যবস্থাপক (বিপনন, দক্ষিন) প্রকৌশলী মঞ্জুর আহমদ চৌধুরী প্রমুখ। অনুষ্ঠানে এসোসিয়েশনের প্রধান পৃষ্ঠপোষক প্রকৌশলী মো. রেজাউল ইসলাম খান ও ৪জন বিদায়ী কর্মকর্তাকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.