Sylhet Today 24 PRINT

সেই ঐতিহাসিক ভবন রক্ষায় আন্দোলনের ডাক

ঐতিহ্যবাহী ‘আবু সিনা ছাত্রাবাস’ সুরক্ষার দাবি

নিজস্ব প্রতিবেদক |  ১১ মার্চ, ২০১৯

সিলেটের ঐতিহাসিক 'আবু সিনা ছাত্রাবাস' রক্ষায় এবার রাজনপথে নামছে বিভিন্ন  নাগরিক সংগঠন। এই ভবনটি রক্ষায় আন্দোলনের ডাক দিয়েছে পরিবেশবাদী বিভিন্ন সংগঠন।

সিলেট নগরীর চৌহাট্টা এলাকার ঐতিহাসিক এই স্থাপনা ভেঙ্গে হাসপাতাল নির্মানের উদ্যোগ নেওয়া হয়েছে। এ নিয়ে গত ১০ মার্চ সিলেটটুডে টোয়েন্টিফোর ডটকম-এ 'সিলেটে হাসপাতাল নির্মাণে ভেঙ্গে ফেলা হচ্ছে ঐতিহাসিক স্থাপনা' শিরোনামে একটি সংবাদ প্রকাশ হয়।

শতবর্ষী এই ভবনটি ভাঙ্গার খবরে ক্ষোভ প্রকা্শ করেন সিলেটের সচেতন নাগরিকরা। এটি সুরক্ষারও দাবি জানান তারা। এবার এই দাবিতে আন্দোলনের ডাক দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১২ মার্চ) দুপুর ১২টায় বাংলাদেশ পরিবেশ আন্দোলন-বাপা সিলেটর উদ্যোগে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে মানববন্ধনের ডাক দিয়েছে।

পরের দিন বুধবার (১৩ মার্চ) হেরিটেজ নিয়ে কর্মরত সংগঠন সেভ দ্য হেরিটেজ এন্ড এনভায়রনমেন্ট এর উদ্যোগে বিকাল ৪টায় আবু সিনা ছাত্রাবাস প্রাঙ্গণে 'প্রতিবাদী অবস্থান কর্মসূচি' অনুষ্ঠিত হবে।
 
ঐতিহাসিকদের মতে, সিলেটের প্রথম সংবাদপত্র ‘শ্রীহট্ট প্রকাশ’ এর প্রেস ছিল এই ভবনে। শ্রীহট্ট প্রকাশ প্রকাশিত হয় ১৮৭৬ সালে। ১৯৩৬ সালে এ বাড়িতে মানুষের চিকিৎসাসেবার জন্য ছোট পরিসরে হাসপাতাল চালু করা হয়। দ্বিতীয় মহাযুদ্ধের সময় এ হাসপাতালের বর্ধিতাংশে বার্মা-ইংরেজ সৈনিকদের চিকিৎসা দানের লক্ষ্যে মিলিটারি হাসপাতাল চালু করা হয়।

পরবর্তীতে ১৯৪৮ সালে এ ভবনে মেডিকেল শিক্ষাদানের জন্য নির্মাণ করা হয় 'লাইসেন্সড মেডিকেল ফ্যাকাল্টি' (এলএমএফ)। ১৯৬২ সালে এটিকে মেডিকেল কলেজে রূপান্তরিত করা হয়।

১৯৭১ সালে পাক হানাদার বাহিনীর ধ্বংসযজ্ঞ থেকে বাড়িটি রক্ষা পায়নি। স্বাধীন বাংলাদেশে ১৯৭৮-৭৯ সালে হাসপাতালটি কাজলহাওরে পরিপূর্ণভাবে স্থানান্তরিত হলে ভবনটি 'আবু সিনা ছাত্রাবাস' হিসেবে ব্যবহৃত হয়ে আসছিল।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.