Sylhet Today 24 PRINT

শ্রীমঙ্গলে আচরণবিধি লঙ্ঘনের মহোৎসব

উপজেলা পরিষদ নির্বাচন

শ্রীমঙ্গল প্রতিনিধি |  ১১ মার্চ, ২০১৯

উপজেলা পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে আচরণবিধি লঙ্ঘনের মহোৎসব শুরু হয়েছে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায়। দেওয়ালে দেওয়ালে পোস্টার লাগানো, শহরের বিভিন্ন স্থানে এখনও ঝুলছে রঙ্গিন পোস্টার। আর মাইকিং এর সময়সীমা রাত আটটা পর্যন্ত হলেও সেই সময়সীমা মানছেন না বেশীরভাগ প্রার্থীই। রাত নয়টা কখনো বা আরও বেশী সময় ধরে চলছে মাইকিং করে প্রচার কাজ।

১৮ মার্চের নির্বাচনকে সামনে রেখে সব প্রার্থীই যেন নেমেছেন আচরণবিধি লঙ্ঘনের প্রতিযোগিতায়।

সরেজমিনে শ্রীমঙ্গল উপজেলার বেশ কিছু জায়গায় ঘুরে দেখা যায়, বিভিন্ন বাসা-বাড়ির দেয়ালে আঠা দিয়ে সাঁটানো হয়েছে পোস্টার, যদিও দেয়ালে পোস্টার লাগানো নির্বাচনী আচরণবিধির সুস্পষ্ট লঙ্ঘন। এছাড়া খোদ উপজেলা নির্বাচন অফিসের নিচের দেয়ালে এবং উপজেলা প্রাঙ্গণের গাছগুলোতে লোহা দিয়ে লাগানো হয়েছে বিলবোর্ড।

শ্রীমঙ্গল শহরের প্রাণকেন্দ্র নতুন বাজারের মুখে ফার্মেসির মালিক নান্টু রায় আক্ষেপ করে এ প্রতিবেদককে বলছিলেন, 'এতদিন দেখতাম পোস্টার সুতোয় বেঁধে ঝুলিয়ে দেয়া হতো কিন্তু এই (উপজেলা) নির্বাচনে দেখছি ভিন্ন চিত্র। আমার দোকানের আশেপাশের দেওয়ালগুলো একটাও খালি নেই সবগুলোতে পোস্টার লাগিয়ে ভরিয়ে ফেলেছেন প্রার্থীর কর্মী ও সমর্থকরা।'

শ্রীমঙ্গলের কলেজ রোডের এক বাসিন্দা নাম প্রকাশ না করার শর্তে বলেন, 'ভাই দুঃখের কথা কি বলব? কয়েকদিন আগে মাত্র দেওয়াল রং করিয়েছিলাম কিন্তু নির্বাচনী পোস্টার লাগিয়ে আমার দেয়ালগুলোর সৌন্দর্য সব নষ্ট করে ফেলেছে। সব প্রার্থীই প্রভাবশালী তাই মুখ ফুটে প্রতিবাদও করতে পারছি না।'

এ ব্যাপারে জানতে চাইলে শ্রীমঙ্গল উপজেলা নির্বাচন ও সহকারী রিটার্নিং কর্মকর্তা আবু লায়েস দুলাল এর ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি কল ধরেননি।

সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহাদুল আলম সিলেটটুডে টোয়েন্টিফোর ডটকমকে জানান, 'আচরণবিধি লঙ্ঘনের বিষয়গুলো আমাদের নজরে এসেছে। আজকেই আমরা অভিযান পরিচালনা করবো। তাছাড়া কিছু প্রার্থীকে মৌখিকভাবে সতর্কও করা হয়েছে। আমাদের অভিযান নির্বাচনের আগ মুহূর্ত পর্যন্ত অব্যাহত থাকবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.