Sylhet Today 24 PRINT

বিশ্বনাথে সাংসদ এহিয়ার সংবর্ধনা মঞ্চ ভাংচুর, আওয়ামীলীগকে দায়ী

বিশ্বনাথ প্রতিনিধি |  ০৫ আগস্ট, ২০১৫

সিলেটের বিশ্বনাথে জাতীয় পার্টির সংসদ সদস্য (সিলেট-২ আসন) ইয়াহইয়া চৌধুরী এহিয়ার সংবর্ধনা অনুষ্ঠানের মঞ্চ ভাঙচুর করা হয়েছে। বুধবার বেলা আড়াইটায় উপজেলার দশঘর ইউনিয়নের ময়নাগঞ্জ বাজারে এ ঘটনা ঘটে। মঞ্চ ভাংচুরের জন্য আওয়ামী লগকে দায়ী করেছেন জাতীয় পার্টির এই সাংসদ।

এঘটনায় দিনভর আওয়ামী লীগ ও জাতীয় পার্টির নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা বিরাজ করে।

জানা গেছে, দশঘর ইউনিয়নের কাসিমপুর গ্রামে সোমবার বিকেলে বিদ্যুতায়নের উদ্বোধন করেন সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সিলেট-২ আসনের সাবেক সংসদ সদস্য শফিকুর রহমান চৌধুরী। বর্তমান সংসদ সদস্যকে বাদ দিয়ে ওই অনুষ্ঠান হওয়ায় ক্ষুব্ধ হন জাপার নেতাকর্মীরা।

তাদের দাবি, এলাকার বিদ্যুতায়নের অবদান সংসদ সদস্য ইয়াহইয়া চৌধুরীর। এর উদ্বোধন তাঁরই করার কথা। কিন্তু সেটি না হওয়ায় সংবর্ধনার মাধ্যমে ‘অবদানের স্বীকৃতি’ দেবার উদ্যোগ নেন স্থানীয় জাপার নেতাকর্র্মীরা। কাশিমপুর-ময়নাগঞ্জ এলাকাবাসীর উদ্যোগে আয়োজন করা হয় সংবর্ধনা অনুষ্ঠান।

স্থানীয় জাতীয় পার্টি নেতাদর অভিযোগ, বুধবার সকালে স্থানীয় ময়নাগঞ্জ বাজারে তৈরী করা হয় সংবর্ধনা অনুষ্ঠানের মঞ্চ। বিকেল ৩টায় সংবর্ধনা অনুষ্ঠান শুরু হওয়ার কথা ছিল। কিন্ত বেলা আড়াইটায় হঠাৎ করে স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অনুষ্ঠান স্থলে হামলা চালিয়ে মঞ্চ ও চেয়ার ভাঙচুর করেন বলে অভিযোগ জাপার। এসময় আহত হন স্থানীয় ওয়ার্ড জাতীয় পার্টির সভাপতি ছমির মিয়া। ঘটনার পর থেকে আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা এলাকায় মহড়া দিতে থাকেন।

ভাঙচুরের সময় এমপি এহিয়া দশঘর ইউনিয়নের মাছুখালী বাজারে একটি অনুষ্ঠানে ছিলেন। বিকেল সাড়ে ৪টায় তিনি মোটরসাইকেল শো-ডাউনসহ গাড়ী বহর নিয়ে ময়নাগঞ্জ বাজারে পৌঁছেন। সেখানে তিনি ভাঙচুর হওয়া মঞ্চ পরিদর্শন করেন এবং পথ সভায় বক্তব্য রাখেন।

এ ব্যাপারে আহত ছমির মিয়া বলেন, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবুল হোসেন ও সাধারণ সম্পাদক ইলিয়াস মিয়ার নেতৃত্বে বেশ কয়েকজন সন্ত্রাসী হামলা চালিয়ে সংবর্ধনা অনুষ্ঠানের মঞ্চ ভাঙচুর করে। তিনি বলেন, তখন আমি মঞ্চে একা বসা ছিলাম। তাদের হামলায় আমি আহত হই।

দশঘর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবুল হোসেনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তার বক্তব্য পাওয়া যায়নি।

উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবুল আখতার বলেন, আওয়ামী লীগের কেউ মঞ্চ ভাঙচুরের প্রশ্নই আসে না। আওয়ামী লীগ নেতাদের মন মানসিকতা ছোট নয়, বড় আছে। তার অভিযোগ, সংসদ সদস্য জনবিরোধী কাজের জন্য জনরোষের স্বীকার হয়েছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.