Sylhet Today 24 PRINT

জাতীয় শোক দিবসে আওয়ামী লীগ ও ছাত্রলীগের কর্মসূচি ঘোষণা

সিলেটটুডে ডেস্ক |  ০৬ আগস্ট, ২০১৫

১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে পৃথক কর্মসূচি গ্রহণ করেছে সিলেট মহানগর আওয়ামী লীগ ও বাংলাদেশ ছাত্রলীগ সিলেট জেলা শাখা।

আওয়ামী লীগের কর্মসূচির মধ্যে ১৫ আগস্ট ভোরে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা এবং কালো পতাকা অর্ধনির্মিত, সকাল ১০টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ, বিকেল ৪টায় নগরীর রিকাবীবাজারস্থ কবি নজরুল ইসলাম অডিটোরিয়ামে জাতীয় শোক দিবস উপলক্ষে জেলা ও মহানগর আওয়ামী লীগের যৌথ উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হবে।

এতে প্রধান অতিথি উপস্থিত থাকবেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত, বিশেষ অতিথি হিসেবে থাকবেন আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ।

আলোচনা সভা ছাড়াও ওয়ার্ড আওয়ামী লীগের উদ্যোগে নগরীর গুরুত্বপূর্ণ মোড়গুলোতে বঙ্গবন্ধুর ভাষণ, হামদ-নাত প্রচার, মসজিদে মসজিদে বিশেষ দোয়া, মন্দির গীর্জা ও প্যাগোডায় বিশেষ প্রার্থনা করা হবে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

এদিকে জেলা ছাত্রলীগের পক্ষ থেকে পৃথক কর্মসূচির আয়োজন করা হয়েছে।

জাতীয় শোক দিবস উপলক্ষে সিলেট জেলা ছাত্রলীগের কর্মসূচির মধ্যে রয়েছে- ১৫ আগস্ট প্রথম প্রহরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ নিহতদের স্মরণে নগরীর কেন্দ্রীয় শহীদ মিনারে মোমবাতি প্রজ্জ্বলন, ১০টায় কেন্দ্রীয় শহীদ মিনারে জাতির জনকের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, কালো ব্যাজ ধারণ ও দলীয় পতাকা অর্ধনমিতকরণ।

পরদিন (১৬ আগস্ট) বাদ আসর হযরত শাহজালাল (র.) দরগাহ মাজার প্রাঙ্গণে মিলাদ ও দোয়া মাহফিল, ১৭ আগস্ট জেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা।

সিলেট জেলা ছাত্রলীগ সভাপতি শাহরিয়ার আলম সামাদ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, এদিন সকাল ১০টায় ২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ, বাদ মাগরিব কোর্ট পয়েন্টে ২১ আগস্টের ভয়াবহ গ্রেনেড হামলার ভিডিওচিত্র প্রদর্শিত হবে।

জাতীয় শোক দিবস উপলক্ষে সিলেট মহানগর ছাত্রলীগের পক্ষ থেকেও পৃথক কর্মসূচির আয়োজন করা হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.