Sylhet Today 24 PRINT

মদিনা মার্কেটে তরুণ খুনের ঘটনায় আটক ৩

নিজস্ব প্রতিবেদক |  ১৩ মার্চ, ২০১৯

সিলেট নগরীর মদিনা মার্কেটে তরুণ সাব্বির আহমদ হত্যাকাণ্ডের ঘটনায় এখন পর্যন্ত তিনজনকে আটক করা হয়েছে। তবে এ ঘটনায় এখনো কোনো মামলা দায়ের হয়নি।

আটককৃত তিনজন হলেন- রাজু মিয়া (২০) ও সাকিন নূর তালুকদার (২০) এবং তাজুল আহমদ।

পুলিশ জানায়, মঙ্গলবার রাত সাড়ে নয়টার দিকে সিলেট নগরীর মদিনা মার্কেট এলাকার একটি কলোনি থেকে রাজু ও সাকিন নূরকে আটক করা হয়। পরবর্তীতে রাতে অভিযান চালিয়ে আরেকজনকে আটক করা হয়েছে। আটককৃতদের মধ্যে রাজু দক্ষিণ সুরমা সরকারি কলেজ এবং সাকিন শাহ খুররম ডিগ্রি কলেজের ছাত্র বলে জানা গেছে।

সাব্বির হত্যার ঘটনায় তিনজন আটকের বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট কোতোয়ালি মডেল থানার ওসি সেলিম মিয়া।

প্রসঙ্গত, সিলেট নগরীর মদিনা মার্কেটে মঙ্গলবার (১২ মার্চ) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সাব্বির আহমদ (২০) নামের এক তরুণকে ছুরিকাঘাতে হত্যা করে দুর্বৃত্তরা।।‌ সাব্বির নগরীর কানিশাইল মজুমদারপাড়ার বাসিন্দা। সিনিয়র-জুনিয়র গ্রুপের দ্বন্দ্বে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে অভিযোগ করেছেন সাব্বিরের পিতা অলিউর রহমান।

ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যা সাতটার দিকে মদিনা মার্কেট কামারপট্টি গলিতে কয়েকজন তরুণ আড্ডা দিচ্ছিল। হঠাৎ করে তাদের মধ্যে চিৎকার চেঁচামেচি শোনা যায়। পরে সেখান থেকে রক্তাক্ত অবস্থায় সাব্বিরকে উদ্ধার করে ওসমানী হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

চিকিৎসকরা জানান, সাব্বিরের পেটের নিচে কয়েকটি গভীর ছুরিকাঘাত ছিল।

নিহত সাব্বিরের পিতা অলিউর রহমান জানান, মঙ্গলবার বিকাল চারটার দিকে সাব্বিরের কয়েকজন বন্ধু তাকে বাসা থেকে ডেকে নিয়ে যায়। পরে তিনি সন্ধ্যা সাড়ে সাতটার সময় তার ছেলের মৃত্যুর খবর শুনতে পান।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.