Sylhet Today 24 PRINT

মজুরি বৃদ্ধির দাবিতে আন্দোলনে লাক্কাতুরা বাগানের চা শ্রমিকরা

নিজস্ব প্রতিবেদক |  ০৬ আগস্ট, ২০১৫

ওভারটাইমের মজুরি বৃদ্ধি দাবিতে আন্দোলনে নেমেছে সিলেটের লাক্কাতুরা চা বাগানের শ্রমিকরা। আন্দোলনের অংশ হিসেবে বৃহস্পতিবার থেকে ওভারটাইমের কাজ বন্ধ করে দিয়েছেন তারা। পাতা চয়নের ভরা মৌসুমে শ্রমিকরা ওভারটাইমে কাজ করা বন্ধ করে দেওয়ায় বিপাকে পড়েছে লাক্কাতুরা বাগান কর্তৃপক্ষ।

আন্দোলনকারী শ্রমিকদের সাথে আলাপ করে জানা যায়, সাধারণত প্রতি কেজি চা পাতা উত্তোলনের জন্য তারা ৫ টাকা করে মজুরী পেয়ে থাকেন। ওভারটাইমে কাজ করলে সাধারণ সময়ের চেয়ে অতিরিক্ত মজুরী প্রদানের বিধান থাকলেও লাক্কাতুরা বাগান কর্তৃপক্ষ ওভারটাইমে প্রতি কেজি চা পাতা উত্তোলনের জন্য সাড়ে ৩ টাকা করে মজুরী দিয়ে থাকে।

ওভারটাইমের মজুরী বৃদ্ধির জন্য দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে আসছিলেন শ্রমিকরা। বাগাত কর্তৃপক্ষ তাতে কর্ণপাত না করায় আজ থেকে ওভারটাইমে পাতা উত্তোলন বন্ধ করে দেন তারা।

এ ব্যাপারে লাক্কাতুরা বাগানের চা শ্রমিক ফেডারেশনের সভাপতি বীরেন সিংহ সিলেটটুডে টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সিলেটের অন্য ২২ টি বাগানে ওভারটাইমে পাতা উত্তেলনের জন্য প্রতি কেজি ৫ টাকা করে পেয়ে থাকে শ্রমিকরা। কিন্তু আমাদের বাগানে দেওয়া হয় সাড়ে ৩ টাকা করে। এই মজুরী ৫ টাকা করার দাবিতে আমরা আজ থেকে ওভারটাইমে পাতা উত্তোলন বন্ধ করে দিয়েছি। শুক্রবার বিকেলে এই দাবিতে আমরা বাগানে সমাবেশ করবো।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.