Sylhet Today 24 PRINT

জালালাবাদ গ্যাস অফিসে সিবিএর দুই পক্ষের সংঘাত, সভাপতি আহত

নিজস্ব প্রতিবেদক |  ০৬ আগস্ট, ২০১৫

নগরীর মেন্দিবাগ এলাকায় জালালাবাদ গ্যাস অফিসে পূর্ব বিরোধের জের ধরে জালালাবাদ গ্যাস কর্মচারী লীগ (১৬৯০) ও জালালাবাদ গ্যাস এমপ্লয়ীজ ইউনিয়ন(২৫২০) এর মধ্যে সংঘর্ষ ভাংচুরের ঘটনা ঘটে। বৃহস্পতিবার দুপুরে এ ঘটনা ঘটে।

তবে এ নিয়ে এক পক্ষ অন্য পক্ষকে দোষারুপ করছে। সংঘর্ষে জালালাবাদ গ্যাস এমপ্লয়ীজ ইউনিয়ন(২৫২০) এর সভাপতি আব্দুর রহমানসহ ৩জন আহত হয়েছেন। এদিকে জালালাবাদ গ্যাস কর্মচারী লীগ (১৬৯০) দাবি করছে তাদের অফিস কক্ষ আব্দুর রহমানের লোকজন ভাংচুর করেছে।

সংঘর্ষে আহত অবস্থায় আব্দুর রহমানকে উদ্ধার করে ইবনে সিনা হাসপাতালের সিসিইউ(২) করোনারি কেয়ার ইউনিটে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরান ও গ্যাস অফিসের জিএম (প্রশাসন) আমিনুল ইসলাম হাসপাতালে তাকে দেখতে যান। আব্দুর রহমান সিলেট মহানগর শ্রমিক লীগের সাধারণ সম্পাদক।

জালালাবাদ গ্যাস এমপ্লয়ীজ ইউনিয়ন (২৫২০) এর নেতৃবৃন্দ অভিযোগ করেন, জালালাবাদ গ্যাস কর্মচারী লীগ (১৬৯০) একটি ভুইফোঁড় সংগঠন। এমনকি এর কোন ধরনের বৈধতা নেই। এদের কার্যক্রম বিএনপি নেতা মাসুকের নেতৃত্বে চলে। নির্বাচনে পরাজিত ও গ্যাস মাসুকের অনুসারি মুরালী সিং’কে বিয়ানীবাজারে বদলী করা হয়েছে। এছাড়াও দিদার আহমদকে ছাতকে বদলী করা হয়েছে। এনিয়ে আদালতে মামলা চলছে। দিদার জালালাবাদ গ্যাস অফিস থেকে কোন ধরনের বেতন-ভাতা পান না।

বৃহস্পতিবার দুপুর ১টায় গ্যাস মাসুকের অনুসারিরা বদলী ও নানা ধরনের দাবি নিয়ে দিদার, মুরালি সিং, শামুসল হক জালালাবাদ গ্যাস অফিসের জিএম (প্রশাসন) আমিনুল ইসলামের কাছে যায়। এসময় তারা জিএম প্রশাসনের সাথে খারাপ আচারণ ও অশ্লালীন ব্যবহার করলে জালালাবাদ গ্যাসের এমডির কক্ষে অবস্থান করা জালালাবাদ গ্যাস এমপ্লয়ীজ ইউনিয়ন (২৫২০) সভাপতি আব্দুর রহমানসহ অন্যরা কারণ জানতে চাইলে গ্যাস মাসুকের অনুসারিরা ক্ষুব্ধ হয়ে তাদের উপর হামলা চালায়।

এমনকি পরবর্তীতে গ্যাস মাসুকের অনুসারিরা ঘটনা ভিন্নখাতে প্রভাবিত করার জন্য তারা নিজেদের অফিস নিজেরাই ভাংচুর করে।

গ্যাস মাসুকের নেতৃত্বে সিবিএ সভাপতি আব্দুর রহমানে উপর হামলা হয়েছে জানিয়ে জালালাবাদ গ্যাস এমপ্লয়ীজ ইউনিয়ন (২৫২০) এর সাধারণ সম্পাদক শাহ আলম বলেন, (১৬৯০) একটি ভুইফোঁড় সংগঠন। এরা শ্রমিক লীগের রাজনীতির সাথে সংযুক্ত না। এরা বিএনপি নেতা গ্যাস মাসুকের অনুসারি।

নির্বাচনে তারা বিশাল ভোটের ব্যবধানে আমাদের কাছে পরাজিত হয়েছে। এমনকি তাদের অনুসারি কয়েকজনের চাকুরি বদলী ও নির্বাচনের পরাজয়ের কারণেই তারা এ হামলা চালিয়েছে।

জালালাবাদ গ্যাস কর্মচারী লীগ (১৬৯০) এর নেতৃবৃন্দ অভিযোগ করেন, পূর্ব পরিকল্পিত ভাবে জালালাবাদ গ্যাস এমপ্লয়ীজ ইউনিয়ন (২৫২০) এ ঘটনা ঘটিয়েছে। জালালাবাদ গ্যাস এমপ্লয়ীজ ইউনিয়ন (২৫২০) এর সিবিএ নেতৃবৃন্দের যোগসাজশে (১৬৯০) এর কয়েকজন কর্মচারিকে নিয়মনীতি না মেনেই অনত্র বদলী করা হয়েছে।

এ বিষয়টি জানতে জিএম প্রশাসনের কাছে গেলে এমপ্লয়ীজ ইউনিয়ন (২৫২০) আমাদের উপর হামলা চালায় এবং আমাদের অফিস ব্যাপক ভাংচুর করে। আমাদের সংগঠনের অর্থসম্পাদকও আহত হয়েছেন।

এ ব্যাপারে জালালাবাদ গ্যাস কর্মচারি লীগ (১৬৯০) সাধারণ সম্পাদক শামুসল হক বলেন, জালালাবাদ গ্যাস এমপ্লয়ীজ ইউনিয়নের নেতৃবৃন্দ আমাদের অফিস ভাংচুর ও আমাদের উপর হামলা চালিয়েছে। এমনকি আব্দুর রহমান ঘটনাকে ভিন্নখাতে প্রবাহিত করার জন্য নাটকীয়ভাবে ইবনেসিনা সিসিইউতে ভর্তি হয়েছে। এমনকি তাদের কয়েকজন নিজেরাই নিজেদের কাপড় ছিড়ে ফেলেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.