Sylhet Today 24 PRINT

বিয়ানীবাজারে প্রতিপক্ষের হামলায় আহত হওয়া যুবকের মৃত্যু

বিয়ানীবাজার প্রতিনিধি  |  ০৬ আগস্ট, ২০১৫

বিয়ানীবাজারে ভূমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় আহত যুবকের মৃত্যু হয়েছে। তার নাম শরীফ উদ্দিন (২২)। সে লাউতা ইউনিয়নের দক্ষিণ পাড়িয়াবহর গ্রামের আতাব আলীর পুত্র। গত শনিবার রাতে প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত হলে তাকে প্রথমে বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে সিলেট ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। চিকিৎসাধীন থাকা অবস্থায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে বুধবার ভোর রাতে সে মারা যান। মরদেহের ময়নাতদন্ত শেষে বিকেলে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে।

এ ঘটনায় বৃহস্পতিবার নিহতের চাচা বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

জানা যায়, উপজেলার লাউতা ইউনিয়নের দক্ষিণ পাড়িয়াবহর গ্রামের নিহত যুবকর শরীফ উদ্দিনের পরিবারের সাথে প্রতিবেশী বুদাই মিয়ার পরিবারের দীর্ঘদিন ধরে ভূমি সংক্রান্ত বিরোধ রয়েছে। নিহত শরীফের পরিবারের দাবিÑএর জের ধরে শনিবার রাতে হত্যার উদ্দেশ্যে এ হামলা চালানো হয়। শনিবার রাত ১০টার দিকে জলঢুপবাজার থেকে বাড়ি ফেরার পথে হামলার এ ঘটনায় নিহত শরীফের ভাই কামাল উদ্দিনসহ আরও একজন আহত হন।

শরীফদের এক আত্মীয় নাম প্রকাশ না করে বলেন, খুনিদের নাম মামলা দায়ের করার আগ পর্যন্ত আমরা গোপন রাখার সিদ্ধান্ত নিয়েছি।

এ ব্যাপারে বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো. জুবের আহমদ জানান, নিহতের চাচা ইসহাক আলী বাদী হয়ে ৭ জন আসামীর নাম উল্লেখ করে থানায় একটি হত্যা মামলা (৬/০৬-০৮-১৫) দায়ের করেছেন।

আসামীদের গ্রেফতারের স্বার্থে আপাতত নাম প্রকাশ করা যাচ্ছে না উল্লেখ করে তিনি জানান, মামলা দায়েরের সাথে সাথে আসামীদের গ্রেফতার করতে পুলিশি তৎপরতা শুরু করা হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.