Sylhet Today 24 PRINT

সিলেট থেকেই বিচার বিভাগ ডিজিটালাইজেশন : প্রধান বিচারপতি

সিলেটটুডে ডেস্ক |  ০৭ আগস্ট, ২০১৫

এক মাসের মধ্যে সিলেটের আদালতগুলোয় ডিজিটালাইজেশনের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে চালু হবে। প্রথম অবস্থায় সিলেট জেলা ও মহানগর জজশিপের আওতাভুক্ত ২০টি কোর্টকে ডিজিটাইজেশন করা হবে।

বৃহস্পতিবার (৬ আগস্ট) রাতে সিলেটে বিচার বিভাগীয় বিশেষ সম্মেলনে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা (এস কে সিনহা) এ ঘোষণা দেন।

সিলেট সার্কিট হাউজে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান বিচারপতি বলেন, ডিজিটালাইজেশনের মাধ্যমে বিচারিক প্রক্রিয়া আরও গতিশীল হবে।

চলতি বছরের প্রথম দুই কোয়ার্টারে মামলা নিষ্পত্তির প্রতিবেদনে সন্তোষ প্রকাশ করেন প্রধান বিচারপতি। তিনি আদালতগুলোয় মামলা জট নিরসনে বিচারিক প্রক্রিয়ায় সংশ্লিষ্টদের আন্তরিক হওয়ার তাগিদ দেন।

প্রধান বিচারপতি আরও বলেন, বিচার বিভাগের আধুনিকায়ন ও গতিশীলতা আনয়নের লক্ষ্যে বর্তমানে যে সব উদ্যোগ নেওয়া হচ্ছে, সেগুলো পুরোপুরি বাস্তবায়ন করা সম্ভব হলে মামলা জট নিরসন করা সম্ভব হবে।

সম্মেলনে উপস্থিত ছিলেন, সিলেট মহানগর দায়রা জজ আকবর হোসেন মৃধা, জেলা ও দায়রা জজ মনির আহমদ পাটোয়ারী, জেলা প্রশাসক জয়নাল আবেদীন, জিপি অ্যাডভোকেট খাদিমুল মিল্লাত মোহাম্মদ জালাল, পিপি অ্যাডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ, সিলেট জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট একেএম শমিউল আলম, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট অশোক পুরকায়স্থ প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.