হবিগঞ্জ প্রতিনিধি | ০৭ আগস্ট, ২০১৫
হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলার শিবপাশা হিরাবাড়ি খালে বিদ্যুতের খুটিসহ নৌকা উল্টে পল্লী বিদ্যুতের দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। নিহতরা হল মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার ক্লীদ চা বাগানের মৃত লক্ষ্মীপ্রসাদ কলের ছেলে মিলন কল (১৮) ও একই এলাকার নারায়ন সবরের ছেলে সুমন সবর (১৯)। এ ঘটনার পর পল্লী বিদ্যুতের লোকজন বিষয়টি নিয়ে লুকোচুরি শুরু করে। শুক্রবার দুপুরে তাদের বাড়ি থেকে মৃতদেহগুলো ময়না তদন্তের জন্য হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালে আনা হয়।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সন্ধ্যায় হবিগঞ্জ পল্লী বিদ্যুৎ বিভাগের ঠিকাদার জাকির হোসেনের কয়েকজন শ্রমিক আজমিরীগঞ্জের শিবপাশা এলাকা থেকে হিরাবাড়ি খাল দিয়ে নৌকাযোগে বিদ্যুতের খুটি নিয়ে পাহাড়পুর বাজারের উদ্দেশ্যে রওয়ানা হয়। কিছুদূর যাওয়ার পর নৌকাটি বিদ্যুতের খুটিসহ উল্টে যায়। এতে ঘটনাস্থলেই ওই দুই শ্রমিকের মৃত্যু হয়। ঘটনাটি এলাকায় জানাজানি হলে আশপাশের গ্রামের লোকজন ঘটনাস্থলে গিয়ে নৌকাটি পেলেও কোন মৃতদেহ বা কাউকে দেখতে পাননি।
রাতে আজমিরীগঞ্জ থানার ওসি তৈমুর বখত চৌধুরীর সাথে যোগাযোগ করা হলে তিনি মৃত্যুর বিষয়টি শুনেছেন বলে জানান। তবে নিহতদের নাম পরিচয় তিনি জানাতে পারেননি। আজমিরীগঞ্জ পল্লী বিদ্যুৎ অফিসের আবাসিক প্রকৌশলী নোমান আহমেদও নিহতদের নাম ঠিকানা এবং মৃতদেহগুলো কোথায় রয়েছে তা বলতে পারেননি। পরে শায়েস্তাগঞ্জ পল্লী বিদ্যুৎ বিভাগের অভিযোগ কেন্দ্রে যোগাযোগ করা হলে নিহতরা পল্লী বিদ্যুতের ঠিকাদার জাকির হোসেনের শ্রমিক বলে জানানো হয়।
সর্বশেষ রাত ২টায় ওসি তৈমুর বখত চৌধুরী নিহতদের পরিচয় নিশ্চিত করেন।