Sylhet Today 24 PRINT

কোম্পানীগঞ্জে খাসিয়ার গুলিতে বাংলাদেশি যুবক নিহত

কোম্পানীগঞ্জ প্রতিনিধি |  ২২ মার্চ, ২০১৯

সিলেটের কোম্পানীগঞ্জে খাসিয়ার গুলিতে মো. বাবুল মিয়া (১৯) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন।

শুক্রবার (২২ মার্চ) সকালে উপজেলার দমদমা এলাকার ভারতীয় সীমান্তে এ ঘটনা ঘটে। বাবুল উপজেলার সীমান্তবর্তী তুরুং গ্রামের মুসলিম উদ্দিনের ছেলে।

স্থানীয় সূত্র জানায়, সকালে উপজেলার দমদমা সীমান্তের এক হাজার ২৬০ মেইন পিলারের দুই নম্বর সাব পিলার সংলগ্ন এলাকায় অবস্থান করছিলেন বাবুল। এসময় ভারতীয় খাসিয়ারা তাকে লক্ষ্য করে গুলি ছুড়লে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তাৎক্ষণিকভাবে দমদমা সীমান্ত ফাঁড়ি বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সহায়তায় ওই যুবকের মরদেহ উদ্ধার করে বলে জানান স্থানীয় বাসিন্দা হারুনুর রশিদ।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম বলেন, ওই যুবক সীমান্ত এলাকায় সুপারি বাগানে গেলে ভারতীয় খাসিয়ার গুলিতে মৃত্যু হয়। প্রায় দুই মাস আগে একইভাবে আরেক যুবক খাসিয়ার গুলিতে মারা যান।

তিনি বলেন, ঘটনাস্থল উপজেলার সীমান্তবর্তী এলাকায়। সেখানে যেতে কমপক্ষে দুই ঘণ্টা প্রয়োজন। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করতে রওয়ানা হয়েছে। মরদেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.