Sylhet Today 24 PRINT

গোলাপগঞ্জে গলাকাটা লাশ উদ্ধার

গোলাপগঞ্জ প্রতিনিধি |  ২২ মার্চ, ২০১৯

সিলেটের গোলাপগঞ্জে আব্দুস শহীদ (৪৫) নামের এক ব্যক্তির গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (২২ মার্চ) দুপুর ২টায় উপজেলার লক্ষীপাশা ইউনিয়নের নিমাদল গ্রামের একটি পুকুর থেকে এ লাশ উদ্ধার করা হয়। শহীদ আহমদ নিমাদল পূর্ব পাড়া গ্রামের মৃত দাই মোল্লার পুত্র।

স্থানীয় এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, গত ১৯ মার্চ থেকে আব্দুস শহীদ নিখোঁজ ছিলেন। নিখোঁজের ৩দিন পর শুক্রবার দুপুর ২টার দিকে স্থানীয়রা নিমাদল গ্রামের মিনি ক্লিনিকের পাশের একটি পুকুরে তার লাশ দেখতে পান। এর পর স্থানীয়রা তাৎক্ষণিক শহীদ আহমদের পরিবার ও গোলাপগঞ্জ মডেল থানা পুলিশকে অবগত করেন।

খবর পেয়ে পরিবারের লোকজন এসে শহীদের লাশ সনাক্ত করেন। এসময় গোলাপগঞ্জ মডেল থানার এস আই শঙ্কর চন্দ্র দেব একদল পুলিশ নিয়ে ঘটনাস্থলে গিয়ে লাশ থানায় নিয়ে আসেন। পরে সুরতহাল রিপোর্ট তৈরি করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়।

এ ব্যাপারে গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম ফজলুল হক শিবলী লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় এখনো কোন মামলা হয়নি। লাশটি দুই এক দিন আগের, কিছু অংশে পচন ধরে গেছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.