Sylhet Today 24 PRINT

কিশোরীকে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগ, গ্রেপ্তার ২ যুবক কারাগারে

বিয়ানীবাজার প্রতিনিধি |  ২৩ মার্চ, ২০১৯

সিলেটের বিয়ানীবাজারে এক কিশোরী শ্লীলতাহানির চেষ্টার অভিযোগে দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে এ ঘটনায় কিশোরীর মামা বিয়ানীবাজার থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলা দায়ের করেন।

শুক্রবার পুলিশ গ্রেপ্তারকৃত দুই যুবককে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করেছে।

গ্রেপ্তারকৃতরা হলেন- উপজেলার মাথিউরা ইউনিয়নের বেজগ্রাম এলাকার আব্দুল মতলিবের ছেলে হাসান আহমদ (২৭) ও একই এলাকার মৃত আব্দুস শহীদের ছেলে মাছুম আহমদ (২৮)।

স্থানীয় ও মামলা সূত্রে জানা গেছে, উপজেলার তিলপাড়া ইউনিয়নের বান্ধবীর বাড়িতে এক সামাজিক অনুষ্ঠানে যোগ দিতে যায় ওই কিশোরী। অনুষ্ঠান শেষে আরও দুই বান্ধবীকে নিয়ে একটি অটোরিকশা করে বাড়ি ফেরে। অপর দুই বান্ধবী পথে নিজ নিজ বাড়িতে নেমে গেলে একা হয়ে যায় কিশোরী। লাউতা ইউনিয়নের গজুকাটা গ্রামের পূর্ব পাশে যাওয়ার পর মোটরসাইকেল আরোহী দুই যুবক অটোরিকশার গতিরোধ করে। এ সময় তারা অটোরিকশার মধ্যে থাকা কিশোরীর শ্লীলতহানির চেষ্টা করলে কিশোরী চিৎকার দেয়।

এক পর্যায়ে অটোরিকশা থেকে সড়কের পার্শ্ববর্তী খালে লাফ দেয় কিশোরী। কিশোরীর চিৎকার শোনে স্থানীয় এগিয়ে এসে তাকে উদ্ধার করেন এবং দুই বখাটে আটক করে পুলিশে সোর্পদ করেন। এ ঘটনায় কিশোরীর মামা সাহাব উদ্দিন বিয়ানীবাজার থানায় বৃহস্পতিবার রাতে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন।

বিয়ানীবাজার থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জাহিদুল হক বলেন, ভিকটিমের পরিবারের পক্ষ থেকে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা নং-১২ (২১-০৩-১৯) দায়ের করা হয়েছে। আসামিদের আদালতের মাধ্যমে শুক্রবার জেলহাজতে প্রেরণ করা হয়েছে।


টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.