Sylhet Today 24 PRINT

জকিগঞ্জে শ্বশুড় বাড়ি বেড়াতে গিয়ে জামাতা খুন

জকিগঞ্জ প্রতিনিধি |  ২৩ মার্চ, ২০১৯

জকিগঞ্জে জমি সংক্রান্ত বিরোধের জেরে শুক্রবার মধ্যরাতে দুই পক্ষের সংঘর্ষে আবু বক্কর নামের এক যুবক শ্বশুড় বাড়িতে নিহত হয়েছেন। এসময় নারী পুরুষসহ অন্তত ৬ জন আহত হন। এ ঘটনায় শনিবার সালেহা নামের এক মহিলাকে ছেলের সহায়তায় আটক করেছে পুলিশ।

স্থানীয়রা জানায়, সুলতানপুর ইউনিয়নের গণিপুর গ্রামে আব্দুর রশিদের ছেলে নিকন আহমদ (৪৫) ও প্রতিবন্ধী জাকির আহমদের (৪০) মধ্যে দীর্ঘদিন থেকে জায়গা জমি নিয়ে বিরোধ চলে আসছে। স্থানীয় সালিশরা সমাধান করতে বার বার উদ্যোগ নিলেও নিকন তাতে সাড়া দেননি। শুক্রবার বিকেলের দিকে নিকন জোর করে প্রতিবন্ধী জাকির আহমদের অংশ থেকে গাছ কাটতে শুরু করেন। তাতে বাধা দেন নিকনের বাবা আব্দুর রশিদ ও বোন ছয়নুল বেগম। নিকন তার বাবা ও বোনের বাধাকে উপেক্ষা করে সাঙ্গপাঙ্গ নিয়ে গাছ কেটে নেন। এ নিয়ে প্রতিবন্ধী জাকিরের স্ত্রী জাসমিন বেগম বাদী হয়ে নিকন ও তার স্ত্রী সালেহ বেগম (৩৫)সহ ৩ জনের বিরুদ্ধে জকিগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেন।

থানায় অভিযোগ দায়েরের খবর পেয়ে নিকন সন্ধ্যায় জাকিরের বসতঘরে পাথর ছুড়েন। এক পর্যায়ে রাত ১ টায় উভয় পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে জাকিরের পক্ষের লোকজনকে বাঁচাতে গিয়ে আহত হন নিকনের বোন ছয়নুল বেগম (২৫), গণিপুর গ্রামের খসরু উদ্দিনের জামাতা সিলেট ওসমানীনগর উপজেলার গোয়ালাবাজারের বাসিন্দা আবু বক্কর (৩৫), গণিপুর গ্রামের প্রতিবন্ধী জাকির আহমদের স্ত্রী জাসমিন বেগম (২২), খসরু উদ্দিনের ছেলে বাক প্রতিবন্ধী উবাদ মিয়া জিরা (৪৫), খসরু উদ্দিনের ছেলে আব্দুল কাদির (২৫), আব্দুর রশিদের স্ত্রী আয়মুন বিবি (৫৫)।

পরে আহতদেরকে স্থানীয়রা উদ্ধার করে জকিগঞ্জ সরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক গুরুতর আহত আবু বক্কর কে উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী হাসপাতালে প্রেরণ করেন। শণিবার দুপুরে আবু বক্কর চিকিৎসাধীন অবস্থায় মারা যান। নিহত আবু বক্কর একটি ফুড কোম্পানীর গাড়ী চালক। তার ৩ মেয়ে ১ ছেলে রয়েছে।

জকিগঞ্জ থানার এসআই কল্লোল গোম্বামী জানান, গ্রামবাসীর সহায়তায় নিকনের স্ত্রী সালেহা বেগমকে আটক করা হয়েছে। বাকি আসামীদের গ্রেপ্তার করতে পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে যাচ্ছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.