Sylhet Today 24 PRINT

সিকৃবির শিক্ষার্থী ওয়াসিমের জানাজা বেলা ২টায়

নিজস্ব প্রতিবেদক |  ২৪ মার্চ, ২০১৯

মৌলভীবাজারের শেরপুরে বাসচাপায় নিহত সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় (সিকৃবি)-এর শিক্ষার্থী ঘোরি মো. ওয়াসিম আফনানের জানাজা আজ (রোববার) বেলা ২টায় বাদ জোহর তার গ্রামের বাড়িতে অনুষ্ঠিত হবে। জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

সিলেটটুডে টোয়েন্টিফোর ডটকমকে বিষয়টি নিশ্চিত করেছে ওয়াসিমের চাচা শিহাব উদ্দিন।

এর আগে শনিবার রাতে মরদেহ ময়নাতদন্ত ছাড়াই হস্তান্তর করেছে পুলিশ। পরিবারের অনুরোধে ময়নাতদন্ত ছাড়াই শনিবার রাতে ওয়াসিম আফনানের লাশ হস্তান্তর করা হয় বলে জানান কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সেলিম মিয়া।

শনিবার সন্ধ্যায় ঢাকা-সিলেট মহাসড়কের শেরপুরে বাসা চাপায় নিহত হন সিকৃবি শিক্ষার্থী ঘোরি মো. ওয়াসিম আফনান।

নিহতের পরিবার ও সহপাঠীদের পক্ষ থেকে অভিযোগ করা হয়, চলন্ত বাস থেকে ধাক্কা দিয়ে ফেলে চাপা দিয়ে ওয়াসিমকে হত্যা করা হয়।

এ অভিযোগে শনিবার রাতে ওসমানী হাসপাতাল ও বাস টার্মিনাল এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করে শিক্ষার্থীরা। অভিযুক্ত বাস ও চালককে আটক করে পুলিশ।

শিক্ষার্থীদের এই বিক্ষোভের মধ্যেই ময়নাতদন্ত ছাড়াই ছেলের মরদেহ নিয়ে যাওয়ার আবেদন করেন ওয়াসিমের বাবা মো. আবু জাহেদ মাহবুব।

এদিকে রোববার (২৪ মার্চ) সকাল ১১টার দিকে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় থেকে বিক্ষোভ মিছিল বের করেন ওয়াসিমের সহপাঠীরা। দুপুর ১২টার দিকে তারা নগরীর চৌহাট্টায় অবস্থান নিয়ে সড়ক অবরোধ করে রাখেন।

শেষ খবর পাওয়া পর্যন্ত চৌহাট্টায় শিক্ষার্থীদের সড়ক অবরোধ এখনো চলছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.