Sylhet Today 24 PRINT

মৌলভীবাজারে বালু মহালের ইজারা বন্ধের দাবিতে মানববন্ধন

মৌলভীবাজার প্রতিনিধি |  ২৪ মার্চ, ২০১৯

অব্যাহত নদী ভাঙন থেকে বসতবাড়ি, ফসলি জমি রক্ষায় ধলাই নদী থেকে  ড্রেজার মেশিন দিয়ে অবৈধ বালু উত্তোলন ও বালু মহালের ইজারা বন্ধের দাবিতে মৌলভীবাজারে মানববন্ধন করেছে এলাকাবাসী।

রোববার (২৪ মার্চ) দুপুরে কমলগঞ্জ উপজেলার রহিমপুর ইউনিয়নের ধর্মপুর-মিরতিঙ্গা খেয়াঘাট এলাকায় ধলাই নদীর তীরে এলাকাবাসী মানববন্ধন করেন।

আইন উল্লার সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন লুৎফুর রহমান জাকারিয়া, ইলিয়াস আহমদ, সামছুল ইসলাম, হিমেল মিয়া প্রমুখএসময় বক্তারা বলেন, "দীর্ঘদিন থেকে মিরতিঙ্গা ঘাটে সেতুর পাশে অবৈধ ড্রেজার মেশিন দিয়ে বছরের পর বছর বালু উত্তোলন করায় নদী ভাঙন দেখা দিয়েছে। ইতোমধ্যে অনেকের জমিও বসতবাড়ি নদীগর্ভে বিলীন হয়েছে। হুমকির মুখে রয়েছে অন্তত ২০টি পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান।"

এছাড়া মুন্সিবাজার-ভৈরবগঞ্জ সড়কে যাতায়াতে রাস্তায় একমাত্র সেতুটি মারাত্মক ঝুঁকির মুখে পড়েছে। নদী ভাঙন থেকে রক্ষার জন্য বালু মহালের ইজারা বন্ধের জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা, জেলা প্রশাসক, সিলেট বিভাগীয় কমিশনারসহ সরকারের বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দেয়া হলেও কোন কাজ হয়নি। অবিলম্বে বালু মহাল বন্ধ করে স্থানীয়দের সম্পদ রক্ষা করার দাবি জানান তারা।

কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আশেকুল হক বলেন, এই বিষয়ে অভিযোগ পেয়ে সরেজমিনে গিয়ে বালু উত্তোলন বন্ধ করে আসলেও পরে তা আবার চালু করে দেয়। এখানকার ইজারা বাতিলের জন্য প্রস্তাব প্রেরণ করেছি। তাছাড়া এলাকাবাসীর দাবির প্রেক্ষিতে ব্যবস্থা গ্রহণের চেষ্টা করবেন বলে জানান তিনি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.