Sylhet Today 24 PRINT

রাতে ১ মিনিটের জন্য অন্ধকারে থাকবে সিলেট

নিজস্ব প্রতিবেদক |  ২৫ মার্চ, ২০১৯

আজ রাতে এক মিনিটের জন্য অন্ধকার থাকবে সিলেট। ২৫ মার্চ কাল রাত্রি উপলক্ষে জাতির সূর্য সন্তানদের স্মরণ করতেই এমন আয়োজন করা হবে বলে জানিয়েছে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, সিলেট।

সোমবার (২৫ মার্চ) রাত ৯টা থেকে ৯টা ১ মিনিট পর্যন্ত এই ব্ল্যাকআউট কর্মসূচী পালন করা হবে। কর্মসূচীটি পালনে এরই মধ্যে সব প্রস্তুতি শেষ করা হয়েছে।

এ ব্যাপারে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, সিলেট অঞ্চলের প্রধান প্রকৌশলী সরদার আজম মোহাম্মদ জানান, জাতীয় গণহত্যা দিবস উপলক্ষে রাষ্ট্রীয় কর্মসূচীর অংশ হিসেবে সারা দেশের ন্যায় সিলেটেও রাত ৯টা থেকে ৯টা ১ মিনিট পর্যন্ত ১ মিনিটের জন্য প্রতীকী 'ব্ল্যাকআউট' তথা 'নীরবতা পালন' কর্মসূচি পালন করা হবে।

তিনি আরো জানান, কিছু কারিগরি সমস্যার কারণে সিলেটের সকল জায়গার বিদ্যুৎ একই সাথে বন্ধ করা না গেলেও বেশিরভাগ এলাকায় পালন করা হবে প্রতীকী 'ব্ল্যাকআউট' কর্মসূচী।

প্রসঙ্গত, গত বছরের ১১ মার্চ জাতীয় সংসদে ২৫ মার্চ জাতীয় গণহত্যা দিবস পালনের প্রস্তাব সর্বসম্মতভাবে গৃহীত হওয়ার পর থেকেই দিনটি জাতীয় গণহত্যা দিবস হিসেবে পালিত হয়ে আসছে।

১৯৭১ সালের এই দিনে মধ্য রাতে বর্বর পাকিস্তানি হানাদার বাহিনী কাপুরুষের মতো তাদের পূর্ব পরিকল্পিত অপারেশন সার্চলাইটের নীলনকশা অনুযায়ী আন্দোলনরত বাঙালিদের কণ্ঠ চিরতরে স্তব্ধ করে দেয়ার ঘৃণ্য লক্ষ্যে রাজধানী ঢাকাসহ সারা দেশে নিরস্ত্র বাঙালিদের ওপর অত্যাধুনিক অস্ত্রে সজ্জিত হয়ে ঝাঁপিয়ে পড়ে।

জাতীয়ভাবে এ রাত স্মরণে সারা দেশে এক মিনিটের জন্য (কেপিআই ও জরুরি স্থাপনা ছাড়া) প্রতীকী ব্ল্যাকআউট কর্মসূচি পালিত হবে।

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের এক পত্রে বলা হয়েছে, ২৫ মার্চ রাত ৯টা থেকে ৯টা ১ মিনিট সারা দেশে এই প্রতীকী ব্ল্যাকআউট কর্মসূচি পালিত হবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.