Sylhet Today 24 PRINT

সিলেটে শহীদ মিনারে দুই নারীর ধস্তাধস্তি

নিজস্ব প্রতিবেদক |  ২৭ মার্চ, ২০১৯

মঙ্গলবার মহান স্বাধীনতা দিবসে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে ধস্তাধস্তিতে জড়িয়েছেন দুই নারী। মঙ্গলবার দুপুর থেকে ধস্তাধস্তির একটি ভিডিও ও কিছু ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।

স্বাধীনতা দিবসে শহীদ মিনারে এমন কাণ্ডের সমালোচনা করছেন সকলেই।

ধস্তাধস্তিতে জড়ানো দুই নারীর একজন সিলেট সিটি করপোরেশনের সাবেক নারী ওয়ার্ড কাউন্সিলর শামীমা স্বাধীন, অপরজন গত নির্বাচনে নারী ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী লিজা আক্তার। শামীমা গত মেয়াদে নগরীর ১৮, ১৯, ২০ নং ওয়ার্ডের সংরক্ষিত ওয়ার্ডের কাউন্সিলর ছিলেন। গত বছর অনুষ্ঠিত সিলেট সিটি করপোরেশন নির্বাচনে পুনরায় প্রার্থী হয়ে তিনি পরাজিত হন। একই নির্বাচনে ২৫, ২৬, ২৭ নং ওয়ার্ডের সংরক্ষিত কাউন্সিলর প্রার্থী হয়ে পরাজিত হন লিজা।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মঙ্গলবার সকাল ১১টার দিকে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এ ধস্তাধস্তির ঘটনা ঘটে। সকালে শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করে বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠন। সকাল সাড়ে ১০টার দিকে মহিলা আওয়ামী লীগ একটি মিছিল নিয়ে শহীদ মিনারে এসে পুষ্পস্তবক অর্পণ করে। মহিলা আওয়ামী লীগের মিছিলের সাথেই শহীদ মিনারে প্রবেশ করেন শামীমা। আর লিজা সেখানে আগে থেকেই ছিলেন। বিভিন্ন সংগঠনের পুষ্পস্তবক অর্পণের ছবি তুলছিলেন তিনি।

মহিলা আওয়ামী লীগের পুষ্পস্তবক অর্পণের পরই ধস্তাধস্তিতে জড়িয়ে পড়েন শামীমা ও লিজা। কথা-কাটাকাটির জেরে তারা হাতাহাতি শুরু করেন বলে জানান প্রত্যক্ষদর্শীরা। সেখানে উপস্থিত অন্যরা তাদের শান্ত করেন। এ ঘটনার সময় শহীদ মিনার প্রাঙ্গণে উপস্থিত অনেকে হতবিহবল ও বিব্রত হয়ে পড়েন।

এ ব্যাপারে শামীমা স্বাধীন ও লিজা আক্তারের সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি।

শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি অর্পণ অনুষ্ঠানের ব্যবস্থাপনায় থাকা সম্মিলিত নাট্য পরিষদের সাধারণ সম্পাদক রজত কান্তি গুপ্ত বলেন, ঘটনার সময় আমি বাইরে ছিলাম। হাতাহাতির খবর পেয়ে শহীদ মিনারে এসে তাদের কাউকে পাইনি।

তিনি বলেন, শহীদ মিনারের মতো জায়গায় স্বাধীনতা দিবসের দিন এমন ঘটনা খুবই দুঃখজনক ও নিন্দনীয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.