Sylhet Today 24 PRINT

সরকারি জমি নিয়ে দুপক্ষের সংঘর্ষে আহত ৩০

বানিয়াচং প্রতিনিধি |  ২৭ মার্চ, ২০১৯

হবিগঞ্জের বানিয়াচংয়ে সরকারি খাস জমি নিয়ে দুপক্ষের সংঘর্ষে নারী-শিশুসহ অন্তত ৩০ জন আহত হয়েছে। গুরুতর আহত অবস্থায় ১০ জনকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বুধবার (২৭ মার্চ) সকালে বানিয়াচং উপজেলার কেন্দুয়া গ্রামে এ ঘটনাটি ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, কেন্দুয়া গ্রামের মো. ইলিয়াছ মিয়া (৫০) ও একই গ্রামের রহমত আলীর মধ্যে একটি সরকারি খাস জায়গা নিয়ে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে বুধবার সকালে দুজনের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে উভয় পক্ষের লোকজন দেশিয় অস্ত্র-শস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পরে। এতে নারী-শিশুসহ অন্তত ৩০ জন আহত হন।

গুরুতর আহত অবস্থায় রহমত আলী (৫০), তোফাজ্জল হক (২৫), রাজিয়া আক্তার (৪৭), রিপন মিয়া (১২) ও তাজুল ইসলামসহ (৫০) ১০ জনকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাশেদ মোবারক জানান, ‘একটি খলাঘরের জায়গা (ধান তুলার মাঠ) নিয়ে দুপক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। পরে পুলিশ সেখানে গিয়ে পরিস্থিতি শান্ত করে।’

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.