Sylhet Today 24 PRINT

১০ হাজার টাকা চুক্তিতে হাওর আন্দোলনের নেতাকে খুন

সিলেটটুডে ডেস্ক |  ২৭ মার্চ, ২০১৯

‘হাওর বাঁচাও, সুনামগঞ্জ বাঁচাও আন্দোলনের সদর উপজেলা কমিটির যুগ্ম-আহ্বায়ক আজাদ মিয়াকে (৪৭) হত্যা করা হয় ১০ হাজার টাকা চুক্তিতে। ১০ হাজার টাকা চুক্তিতে শ্রাবনুজ্জামান শ্রাবণকে ভাড়া করা হয়। তবে কে-বা কারা তাকে ভাড়া করেছে সেটি নিয়ে তদন্ত চলছে। যারা এ ঘটনায় জড়িত তাদের সবাইকে আইনের আওতায় আনা হবে।’

বুধবার (২৭ মার্চ) সুনামগঞ্জ পুলিশ সুপার কার্যালয়ে সংবাদ সম্মেলনে এই তথ্য জানান সুনামগঞ্জের পুলিশ সুপার বরকতুল্লাহ খান।

এর আগে মঙ্গলবার বিকেলে সুনামগঞ্জ সদর উপজেলার কুরবাননগর ইউনিয়নের ব্রাহ্মণগা এলাকা থেকে হাওর বাঁচাও, সুনামগঞ্জ বাঁচাও আন্দোলনের সদর উপজেলা কমিটির যুগ্ম-আহ্বায়ক আজাদ মিয়া হত্যাকাণ্ডের অন্যতম হোতা মো. শ্রাবনুজ্জামান শ্রাবণকে গ্রেপ্তার করে পুলিশ। জিজ্ঞাসাবাদ শেষে বুধবার তাকে সাংবাদিকদের সামনে হাজির করা হয়।

গ্রেপ্তারের পর সুনামগঞ্জ পুলিশ সুপারের কার্যালয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। গ্রেপ্তারকৃত শ্রাবনুজ্জামান শ্রাবণ এ হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা  স্বীকার করেছেন। পরে তার স্বীকাররোক্তি অনুযায়ী হত্যাকাণ্ডে ব্যবহৃত স্টিলের পাইপ ও পোশাক উদ্ধার করে পুলিশ।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মিজানুর রহমান ও অতিরিক্ত পুলিশ সুপার তারেক আহমদ প্রমুখ।

প্রসঙ্গত ১৪ মার্চ রাত ১০টার দিকে সুনামগঞ্জ পৌর শহরের পিটিআই এলাকায় দুর্বৃত্তদের অতর্কিত হামলার শিকার হন হাওর বাঁচাও, সুনামগঞ্জ বাঁচাও আন্দোলনের সদর উপজেলা কমিটির যুগ্ম-আহ্বায়ক আজাদ মিয়া। স্থানীয়রা তাকে সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে অবস্থা গুরুতর হওয়ায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। ১৭ মার্চ সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আজাদ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.