সিলেটটুডে ডেস্ক | ২৭ মার্চ, ২০১৯
শ্বশুরবাড়ি থেকে দুর্ধর্ষ ডাকাত ছব্বিরকে (ছোয়াবিল) (৩২) গ্রেপ্তার করেছে মোগলাবাজার থানা পুলিশ। ছব্বির ওসমানীনগর উপজেলার পূর্ব তিলাপাড়া (বুরুঙ্গা) গ্রামের মৃত আব্দুর রশিদের ছেলে।
মঙ্গলবার (২৬ মার্চ) রাত আড়াইটার দিকে ছব্বিরের শ্বশুরবাড়ি মোগলাবাজার থানাধীন রুস্তমপুর পূর্বপাড়া সাকিন থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
বুধবার (২৭ মার্চ) রাতে সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া এন্ড কমিউনিটি সার্ভিস) মো. জেদান আল মুসা স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত আসামী সিলেট জেলার একজন কুখ্যাত ডাকাত। গত ৮ মার্চ দিনগত রাতে মোগলাবাজার থানাধীন নিজ সিলাম পয়েন্টে একাধিক দোকানঘর এবং ২টি বাসায় ডাকাতির সংঘটিত হয়। ওই ঘটনায় করা মামলার রেশ ধরে তথ্য-প্রযুক্তির সহায়তায় অবস্থান সনাক্ত করে মোগলাবাজার থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে অভিযান পরিচালনা করে ডাকাত ছব্বিরকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকালে আসামির কাছ থেকে ডাকাতির ঘটনায় লুণ্ঠিত ১টি মোবাইল ফোনও উদ্ধার করা হয়।
পুলিশ আরও জানায়, গ্রেপ্তারকৃত আসামি প্রাথমিক জিজ্ঞাসাবাদ স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। তার বিরুদ্ধে সিলেট জেলার বিভিন্ন থানায় অস্ত্র আইনসহ ৯টি ডাকাতি ও দস্যুতা মামলা বিচারাধীন আছে এবং আরও অনেক মামলা বিভিন্ন থানায় তদন্তাধীন রয়েছে।