Sylhet Today 24 PRINT

দুই বছরের মধ্যে দেশের প্রতিটি গ্রামে বিদ্যুৎ পৌঁছে যাবে : এমএ মান্নান

সুনামগঞ্জ প্রতিনিধি |  ০৮ আগস্ট, ২০১৫

অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এমএ মান্নান বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশে ব্যাপক উন্নয়ন সাধিত হয়েছে। গত ৭ বছর ধরে দেশের সর্ব ক্ষেত্রে উন্নয়নের জাগরণ ঘটেছে। দেশি বিদেশি পন্ডিতরাও এই উন্নয়ন অগ্রযাত্রায় বিষ্ময় প্রকাশ করেছেন। বর্তমানে দেশের ৭০ ভাগ মানুষ বিদ্যুতের আওতায় এসেছে। মন্ত্রী আগামী দুই বছরের মধ্যে সারা দেশের প্রতিটি গ্রামে বিদ্যুৎ পৌছে যাবে বলে মন্তব্য করেন।

তিনি বলেন, সরকার বিদ্যুৎকে সবচেয়ে বেশি অগ্রাধিকার দিয়ে কাজ করে যাচ্ছে।

শনিবার দুপুরে আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সুনামগঞ্জ শহীদ আবুল হোসেন মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকের পরিচালক শামস উল ইসলাম। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সুনামগঞ্জ-১ আসনের সাংসদ মোয়াজ্জেম হোসেন রতন, মৌলভীবাজার-সুনামগঞ্জ সংরক্ষিত আসনের সাংসদ অ্যাডভোকেট শামছুন্নাহার রব্বানী শাহানা, আনসার ভিডিপির অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. জসিম উদ্দিন, সুনামগঞ্জের জেলা প্রশাসক শেক রফিকুল ইসলাম প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.