Sylhet Today 24 PRINT

মৌলভীবাজারে এসএমই পণ্য মেলার উদ্বোধন

মৌলভীবাজার প্রতিনিধি |  ২৮ মার্চ, ২০১৯

ক্ষুদ্র ও মাঝারি শিল্প উদ্যোক্তাদের উৎপাদিত পণ্যের প্রচার ও প্রসারে মৌলভীবাজারে শুরু হয়েছে সপ্তাহব্যাপী ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা (এসএমই) পণ্য মেলা।

বৃহস্পতিবার (২৮ মার্চ) সকালে মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে ফিতা কেটে ও বেলুন উড়িয়ে মেলার উদ্বোধন করে মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ।

এর আগে মেলা উপলক্ষে জেলা প্রশাসকের কার্যালয় সামনে থেকে একটি বণার্ঢ্য র‌্যালি বের করা হয়।

জেলা প্রশাসক মো. তোফায়েল ইসলামের সভাপতিত্বে মেলার উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মৌলভীবাজার-হবিগঞ্জ সংরক্ষিত আসনের সংসদ সদস্য সৈয়দা জোহরা আলাউদ্দিন, পুলিশ সুপার মোহাম্মদ শাহজালাল, পৌর মেয়র ফজলুর রহমান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিছবাহুর রহমান, এমএমই ফাউন্ডেশনের ব্যবস্থাপক অকিল রঞ্জন তরফদার, চেম্বার অব কমার্স ইন্ডাস্ট্রির সহসভাপতি আবু সুফিয়ান, জাতীয় ক্ষুদ্র ও কুটির শিল্প সমিতি বাংলাদেশ (নাসিব) জেলা সভাপতি বকশি ইকবাল আহমদ।

বৃহস্পতিবার থেকে শুরু হয়ে মেলা চলবে আগামী ৩ এপ্রিল বুধবার পর্যন্ত। মেলায় বিভিন্ন পণ্য নিয়ে ৫০টি স্টল বসেছে।

এসএমই ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত এ মেলার সার্বিক ব্যবস্থাপনায় রয়েছে মৌলভীবাজার জেলা প্রশাসন, বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক) মৌলভীবাজার, মৌলভীবাজার চেম্বার অব কমার্স ইন্ডাস্ট্রি, জাতীয় ক্ষুদ্র ও কুটির শিল্প সমিতি বাংলাদেশ (নাসিব) মৌলভীবাজার ও বাংলাদেশ ব্যাংক।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.