Sylhet Today 24 PRINT

বিএনপি থেকে পদত্যাগ করলেন তাহিরপুরের চেয়ারম্যান

তাহিরপুর প্রতিনিধি |  ২৮ মার্চ, ২০১৯

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সব পদ থেকে পদত্যাগ করেছেন সুনামগঞ্জের তাহিরপুর সদর ইউনিয়নের চেয়ারম্যান বোরহান উদ্দিন।

বুধবার রাতে সুনামগঞ্জ জেলা বিএনপির সভাপতির কাছে পদত্যাগপত্র দেন ওই চেয়ারম্যান। বোরহান উদ্দিন বিএনপির প্রতিষ্ঠালগ্নে যুবদলে যোগদানের মাধ্যমে রাজনীতিতে সক্রিয় হন। এর পর পর্যায়ক্রমে উপজেলা যুবদলের আহ্বায়ক, উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতির দায়িত্ব পালনকালে টানা দুবার দলীয় (ধানের শীষ) প্রতীকে সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন। বর্তমানেও তিনি সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করে যাচ্ছেন।

বিএনপির ওই নেতা পদত্যাগপত্রে তাহিরপুর উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি ও তাহিরপুর উপজেলা যুবদল আহ্বায়কসহ দলটির প্রাথমিক সদস্যপদ থেকেও পদত্যাগের কথা উল্লেখ করেছেন।

ইউপি চেয়ারম্যান বোরহান উদ্দিনের নিকট হঠাৎ করে বিএনপি থেকে তার পদত্যাগের কারণ জানতে চাইলে তিনি বলেন, পারিবারিক ও ব্যক্তিগত সমস্যার কারণেই পদত্যাগ করেছি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.