Sylhet Today 24 PRINT

দক্ষিণ সুরমায় বাসের ধাক্কায় অ্যাম্বুলেন্স চালক নিহত

নিজস্ব প্রতিবেদক |  ২৯ মার্চ, ২০১৯

সিলেট-ঢাকা মহাসড়কের দক্ষিণ সুরমার তেলিবাজারে বাসের ধাক্কায় ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের অ্যাম্বুলেন্সের এক চালক নিহত হয়েছেন। নিহত আলী হোসেন (২৫) বিশ্বনাথের চান্দু গ্রামের বাসিন্দা। শুক্রবার সকার ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

জানা যায়, সকালে শায়েস্তাগঞ্জ থেকে অ্যাম্বুলেন্স নিয়ে আসছিলেন আলী হোসেন। তেলিবাজার এলাকায় আসার পর বিপরীত দিক থেকে আসা শাহজালাল পরিবহনের একটি বাস অ্যাম্বুলেন্সকে ধাক্কা দেয়। এতে অ্যাম্বুলেন্সটি ধুমড়ে মুচড়ে যায়। ঘটনাস্থলেই তিনি নিহত হন।

পরে পুলিশ লাশ উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে নিয়ে আসে।

লাশের সুরতহাল রিপোর্ট তৈরিকারী দক্ষিণ সুরমা থানার উপ পরিদর্শক (এসআই) রাজীব পাল বলেন, বাসের ধাক্কায় মাথায় ও বুকে আঘাত পেয়ে আলী হোসেন ঘটনাস্থলেই মারা যান। এতে অ্যাম্বুলেন্সের এক যাত্রী আহতও হন। পুলিশ বাসটি আটক করেছে বলে জানান রাজীব।

এদিকে, ময়নাতদন্ত শেষে শুক্রবার সন্ধ্যায় আলী হোসেনর গ্রামের বাড়িতে তাঁর জানাযা ও দাফন সম্পন্ন হয়। এ ঘটনার বিচার দাবিতে বিকেলে নগরীতে বিক্ষোভ করেন অ্যাম্বুলেন্স চালকরা।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.