Sylhet Today 24 PRINT

হবিগঞ্জে খোয়াই বাঁধে গড়ে উঠা শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

হবিগঞ্জ প্রতিনিধি |  ৩০ মার্চ, ২০১৯

হবিগঞ্জ শহরের উপর দিয়ে বয়ে যাওয়া খোয়াই নদীর প্রতিরক্ষা বাঁধের উপর গড়ে উঠা শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে ভ্রাম্যমান আদালত।

শনিবার (৩০ মার্চ) জেলা প্রশাসনের পূর্ববর্তী ঘোষনা অনুযায়ী সকাল থেকে বিকাল সাড়ে ৩টা পর্যন্ত এ উচ্ছেদ অভিযান চলে ।
 
শহর রক্ষা বাঁধের কামড়াপুর পয়েন্ট থেকে চৌধুরী বাজার পয়েন্ট পর্যন্ত এ স্থাপনা উচ্ছেদ কার্যক্রম পরিচালনা করা হয়। উচ্ছেদ অভিযান ও ভ্রাম্যমান আদালতের নেতৃত্বে দেন সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিষ্ট্র্যাট ইয়াছিন আরাফাত রানা ও মো. আনিসুর রহমান খান। 
 
নির্বাহী ম্যাজিষ্ট্র্যাট ইয়াছিন আরাফাত রানা বলেন, খোয়াই নদীর প্রতিরক্ষা বাঁধের উপর কামড়াপুর থেকে চৌধুরী বাজার পয়েন্ট পর্যন্ত প্রায় ৮৩টি অবৈধ স্থাপনা রয়েছে। এক শ্রেণীর লোকজন বছরের পর বছর ধরে ওই স্থাপনাগুলো অবৈধ ভাবে দখল করে রেখেছিল। যার ফলে বর্ষার মৌসুমে শহর প্রতিরক্ষা বাঁধে ঝুকিপূর্ণ অবস্থার সৃষ্টি হয়। এরই প্রেক্ষিতে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ডের যৌথ সম্বয়ে এ স্থাপনা গুলো উচ্ছেদ করা হয়েছে। এছাড়াও খোয়াই’র অপর পাড়ে গড়ে উঠা স্থাপনাগুলোও পর্যায়ক্রমে উচ্ছেদ করা হবে। 
 
হবিগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারী প্রকৌশলী মোহন লাল সৈকত বলেন, অবৈধ দখলদাররা প্রতিরক্ষা বাঁধ ও নদীর জায়গা দখল করে রাখার কারণে প্রতি বছরই প্রতিরক্ষা বাধে ফাটলসহ ভয়াবহ অবস্থার সৃষ্টি হয়। ফলে আতংকের মধ্যে দিন কাটাতে হয় শহরবাসির। এবছর যাতে করে এরকম অবস্থার সৃষ্টি না হয় তাই নদী পাড়ের অবৈধ দখলদারকে উচ্ছেদ করা হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে। এছাড়াও দ্রুত শহর প্রতিরক্ষা বাঁধে মেরামত করা হবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.