Sylhet Today 24 PRINT

বালাগঞ্জে ডাকাতের গুলিতে ছাত্রলীগ নেতার মৃত্যু

বালাগঞ্জ প্রতিনিধি |  ৩১ মার্চ, ২০১৯

সিলেটের বালাগঞ্জে ডাকাতের গুলিতে এক ছাত্রলীগ নেতা নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুই জন।

রোববার (৩১ মার্চ) ভোরে উপজেলার চম্পারকান্দি গ্রামের সুরমান আলীর বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহত শাহাব উদ্দিন ওই গ্রামের সুরমান আলীর ছেলে। দেওয়ান বাজার ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন তিনি।

নিহতের পরিবারের বরাত দিয়ে ওসি বালাগঞ্জ থানার ওসি গাজী আতাউর রহমান বলেন, ভোরে সুরমান আলীর ঘরে একদল ডাকাত হানা দেয়। এ সময় পরিবারের লোকজনের চিৎকারে শাহাব ছুটে গেলে ডাকাতদের সঙ্গে তার হাতাহাতি হয়। এক পর্যায়ে ডাকাতরা তাকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত ও গুলি করে। পরে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে শাহাবের মৃত্যু হয়।

এ ঘটনায় শাহাবের বাবা সুরমান আলী ও ভাই ওয়াহাব আলী আহত হয়েছেন। তাদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে ওসি জানান।

তিনি বলেন, ডাকাতরা কিছু স্বর্ণালংকার ও কয়েকটি মোবাইল ফোন লুট করে নিয়ে গেছে বলে শাহাবের পরিবারের সদস্যরা পুলিশকে জানিয়েছেন। ঘটনাটি শুধুই ডাকাতি নাকি পরিকল্পিত হত্যাকাণ্ড তা খতিয়ে দেখতে পুলিশ কাজ শুরু করেছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.