Sylhet Today 24 PRINT

সিলেটের মাধ্যমে ভারতের ৭ রাজ্যের সাথে বাণিজ্য বৃদ্ধির সম্ভাবনা: কৃষ্ণমূর্তি

নিজস্ব প্রতিবেদক |  ৩১ মার্চ, ২০১৯

সিলেটে নিযুক্ত ভারতীয় সহকারী হাই কমিশনার এল কৃষ্ণমূর্তি বলেছেন, বাংলাদেশ ও ভারতের বাণিজ্য সম্পর্ক চমৎকার। সিলেটকে ব্যবহার করে ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় সাতটি রাজ্যের সাথে বাংলাদেশের বাণিজ্য বৃদ্ধির প্রচুর সম্ভাবনা রয়েছে। বিশেষ করে উভয় দেশের বিনিয়োগকারীগণ পর্যটন খাতে যৌথভাবে বিনিয়োগ করে লাভবান হতে পারেন।

রোববার (৩১ মার্চ) বেলা ৩টায় চেম্বার বোর্ড রুমে দি সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি খন্দকার সিপার আহমদের সাথে এক সৌজন্য সাক্ষাতে মিলিত হয়ে এ কথা বলেন তিনি।

এ সময় ভারতীয় সহকারী হাই কমিশনার বলেন, সিলেটে ভারতীয় সহকারী হাই কমিশন চালু হওয়ার পর থেকে এখান থেকে সিলেটের যাত্রীদের ইন্ডিয়ান ভিসা প্রসেস করা হচ্ছে।

সিলেট চেম্বারের সভাপতি খন্দকার সিপার আহমদ বলেন, সিলেটে ভারতীয় সহকারী হাই কমিশন স্থাপিত হওয়ায় সিলেটের ব্যবসায়ীদের কষ্ট অনেকটা লাঘব হয়েছে।

তিনি সৌজন্য সাক্ষাতে মিলিত হওয়ার জন্য সহকারী হাই কমিশনার এল কৃষ্ণমূর্তিকে ধন্যবাদ জানিয়ে বলেন, ভারত বাংলাদেশের উন্নয়ন সহযোগী রাষ্ট্র। দুই দেশের মধ্যে প্রতি বছর বিপুল পরিমাণ আমদানি-রপ্তানি বাণিজ্য হয়ে থাকে। যা দুই দেশের অর্থনীতিকে সমৃদ্ধ করছে।

তিনি ভারত ও বাংলাদেশের মধ্যে বাণিজ্য সম্পর্ক বৃদ্ধিতে সহকারী হাই কমিশনের যে কোন কার্যক্রমে সিলেট চেম্বারের পক্ষ থেকে সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

সভায় উপস্থিত ছিলেন সিলেট চেম্বারের সহসভাপতি মো. এমদাদ হোসেন, পরিচালক মুশফিক জায়গীরদার ও ভারতীয় সহকারী হাই কমিশনের এটাচি সঞ্জীব কুমার।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.