Sylhet Today 24 PRINT

দক্ষিণ আফ্রিকায় ছুরিকাঘাতে সিলেটের যুবক নিহত

সিলেটটুডে ডেস্ক |  ০৪ এপ্রিল, ২০১৯

দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের ছুরিকাঘাতে নিহত হয়েছেন সিলেটের বাসিন্দা দুলাল আহমদ (৪০)। মঙ্গলবার (২ এপ্রিল) এ ঘটনা ঘটে।

নিহত দুলাল আহমদ সিলেট নগরের ২৩ নম্বর ওয়ার্ডের মাছিমপুর এলাকার বাসিন্দা ও বন্দরবাজারের মুসলিম রেস্টুরেন্টের স্বত্বাধিকারী মৃত সিদ্দেক আলীর ছেলে।
 
স্বজনদের বরাত দিয়ে নিহতের চাচাতো ভাই সিলেট সিটি করপোরেশনের ২৩ ননম্বর ওয়ার্ডের কাউন্সিলর মোস্তাক আহমদ বলেন, মঙ্গলবার মধ্যরাতে বাসার অদূরে রাস্তায় তাকে ছুরিকাঘাত করে দুর্বৃত্তরা। আশপাশের লোকজন গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যান। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।    
 
তিনি বলেন, ছয় ভাই ও তিন বোনের মধ্যে দুলাল ছিলেন তৃতীয়। তিনি দুই কন্যা সন্তানের জনক। এছাড়া মাছিমপুর ক্রিকেট অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন দুলাল। তিনি সেখানে ব্যবসা করতেন।

তবে দক্ষিণ আফ্রিকার কোন এলাকায় থাকতেন, এ বিষয়ে কোনো তথ্য দিতে পারেননি তিনি। নিহতের মরদেহ দেশে আনার প্রক্রিয়া চালাচ্ছেন তারা।
 
নিহতের প্রতিবেশী সিলেট সদর উপজেলার টুকেরবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদ আহমদ বলেন, দীর্ঘ প্রায় একযুগ ধরে দক্ষিণ আফ্রিকায় আছেন দুলাল আহমদ। দুলাল নিহত হওয়ার ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.