ফেঞ্চুগঞ্জ প্রতিনিধি | ০৫ এপ্রিল, ২০১৯
গ্রীষ্ম শুরু হতে এখনও প্রায় সপ্তাহ খানেক বাকি থাকলে ও চৈত্র মাসের প্রথম থেকেই সিলেটে শুরু হয়েছে শিলাবৃষ্টি। জেলার ফেঞ্চুগঞ্জ উপজেলায় দুই ধাপে প্রায় দুই ঘণ্টার শিলাবৃষ্টি ও ঝড়-তুফান হয়েছে। এতে বোরোধান ও বিভিন্ন ফসলসহ গাছপালার হয়েছে ব্যাপক ক্ষয়ক্ষতি। এদিকে ঝড়-তুফানের কারণে রাত থেকেই উপজেলার বিভিন্ন এলাকায় বিদ্যুৎ বিপর্যয় চলছে।
শুক্রবার (৫ এপ্রিল) দিবাগত রাত একটার দিকে শুরু হয়ে প্রায় এক ঘণ্টা ও সকালের আরও আধঘণ্টা এ শিলাবৃষ্টি ও ঝড়-তুফান হয়।
জানা যায়, শিলাবৃষ্টিতে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে বোরোধানের। তার মধ্যে চিলুয়াবিল, চাতলবিল, গাল্লী বিলের বোরো ফসল ও শাক সবজির ব্যাপক ক্ষতি হয়েছে। উপজেলার কিছু কিছু স্থানে মানুষের বাড়ির টিনের চালা ফুটো হয়ে গেছে। বিভিন্ন এলাকায় ঝড়-তুফানে গাছপালা ভেঙে পড়েছে বলে খবর পাওয়া গেছে।
ফেঞ্চুগঞ্জ উপজেলা কৃষি অফিসার হাবিবুর রহমান সিলেটটুডেকে জানান, হাকালুকি হাওরের অনেক ধান কাটা হয়ে গেছে। উপজেলার মাইজগাঁও ইউনিয়নের হাওরগুলোতে ও কটালপুর এলাকায় বোরোধানের কিছুটা ক্ষতি হয়েছে। তবে তিনি ক্ষতির পরিমাপ জানাতে পারেননি।তবে তিনি খোজ খবর নিচ্ছেন বলে জানান।