Sylhet Today 24 PRINT

কানাইঘাটে ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত অর্ধশত

কানাইঘাট প্রতিনিধি |  ০৬ এপ্রিল, ২০১৯

কানাইঘাটে ফুটবল খেলাকে কেন্দ্র করে শনিবার সন্ধ্যার দিকে সংঘর্ষে আহত হয়েছেন প্রায় অর্ধশত ব্যক্তি। এসময় কয়েকটি গাড়িও ভাংচুর করা হয়। এ নিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

জানা যায়, কানাইঘাট সদর ইউনিয়নের বীরদল বর্ণালী সমাজ কল্যান সংঘের উদ্যোগে আয়োজিত বীরদল লক্ষীপুর মাঠে আন্তঃইউনিয়ন ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনাল শনিবার বিকেল ৪টায় মুমিন এন্টারপ্রাইজ ঝিঙ্গাবাড়ী মোকাবিলা করে দক্ষিন বানীগ্রাম ইউনিয়ন বড়দেশ ফুটবল দল। খেলার দ্বিতীয়ার্ধের ১০ মিনিটের মাথায় বড়দেশ ফুটবল দলের একজন খেলোয়াড় প্যানাল্টি বক্সের ভিতরে প্রতিপক্ষ দলের খেলোয়াড়কে অবৈধ ভাবে বাঁধা দিলে রেফারি ফ্রি কিকের নির্দেশ দেন। এ নিয়ে বড়দেশ দলের সমর্থকরা মাঠের বাইরে উত্তেজনা সৃষ্টি করে। খেলার নির্ধারিত সময় শেষ হওয়ার পর রেফারি শেষ বাঁশি বাজালে কিছু সংখ্যক সমর্থক রেফারির উপর চড়াও হন এবং মাঠের বেশ কিছু চেয়ার ভাংচুর করেন। একপর্যায়ে মাঠের বাইরে খেলা পরিচালনা কমিটির লোকজন বড়দেশ ফুটবল দলের সমর্থকদের মধ্যে হাতাহাতির ও ইট-পাটকেল নিক্ষেপ এবং ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ নিয়ে মাঠের বাহিরে সন্ধ্যার দিকে রাস্তা-ঘাটে চোরাগুপ্তা হামলা ছড়িয়ে পড়ে।

বড়দেশ ফুটবল দলের সমর্থকরা জানিয়েছেন তাদের অন্তত ৫০ জন দর্শক খেলা পরিচালনা কমিটির লোকজনের হাতে আহত হয়েছেন। তাদের গাড়ী রাস্তার বিভিন্ন জায়গায় আটকিয়ে যাত্রিদের বেধড়ক মারধর ও একাধিক অটোরিক্সা (সিএনজি) ভাংচুর করা হয়েছে। এক পর্যায়ে কানাইঘাট থানা পুলিশ বীরদল এলাকায় গিয়ে পরিস্থিতি শান্ত করেন।

থানার ওসি (তদন্ত) আনোয়ার জাহিদ বলেন, ফুটবল খেলাকে কেন্দ্র করে সৃষ্ট অপ্রীতিকর ঘটনাটি পুলিশ নিয়ন্ত্রনে এনেছে।
খেলা পরিচালনা কমিটির যুগ্ম সাধারন সম্পাদক জুনেদ হাসান জিবান জানিয়েছেন সেমি ফাইনাল খেলায় একতরফা অন্যায় ও হামলা করেছে বড়দেশ ফুটবল দলের সমর্থকরা। তারা মাঠের চেয়ার ভাংচুর ও অনেক কে মারধর করেছে। বড়দেশ ফুটবল দলের সমর্থকদের উপর হামলা ও গাড়ী ভাংচুরের ঘটনা তিনি অস্বীকার করেন। খেলাকে কেন্দ্র করে হামলায় আহত বেশ কয়েকজন কে সিলেটের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানা গেছে। তবে তাদের পরিচয় এখনও পাওয়া যায়নি। বর্তমানে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.