Sylhet Today 24 PRINT

কমলগঞ্জে মণিপুরীদের নববর্ষ উৎসব উদযাপন

কমলগঞ্জ প্রতিনিধি |  ০৭ এপ্রিল, ২০১৯

মণিপুরী সংস্কৃতির নানা বৈচিত্র্যের অন্যতম হলো মণিপুরীদের নববর্ষ উৎসব ‘চৈরাউবা কুম্মৈ’। এ উৎসবকে ঘিরে তেতইগাঁওসহ আশপাশের মণিপুরী পল্লীগুলোতে সাজ সাজ রব দেখা যায়।

শনিবার (৬ এপ্রিল) ঐতিহ্যবাহী মণিপুরী নববর্ষ উৎসব মৌলভীবাজারের সীমান্তবর্তী কমলগঞ্জ উপজেলার আদমপুর ইউনিয়নের মণিপুরী কালাচারাল কমপ্লেক্সে অনুষ্ঠিত হয়। দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে রাতে অনুষ্টানের সমাপ্তি হয়।

ঐতিহাসিক তথ্য অনুযায়ী, মণিপুরীদের নিজস্ব একটি বর্ষগণনারীতি রয়েছে। ‘মালিয়াকুম’ নামের এই চান্দ্রবর্ষের হিসেবে ৩৪১৭ তম বর্ষ ৬ এপ্রিল শুরু হল। অন্যান্য বছরের মতো এবারও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে এই দিন উদযাপনের করা হয়।

উৎসবকে কেন্দ্র করে নানা আয়োজনের মধ্যে ছিল শনিবার সকালে আদমপুর মণিপুরী কালাচারাল কমপ্লেক্সে প্রাঙ্গণ থেকে ঐতিহ্যবাহী পোশাক ও উপকরণ নিয়ে বর্ণাঢ্য শোভাযাত্রার, পতাকা উত্তোলন, সারোইখাংবা, দুপুরে প্রসাদ বিতরণ, বিকাল ৪টায় মণিপুরি নারী-পুরুষের যৌথ অংশগ্রহণে ঐতিহ্যবাহী লিকোন শান্নবা (কড়ি খেলা) ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

সন্ধ্যায় মণিপুরীদের নববর্ষ উৎসব ‘চৈরাউবা কুম্মৈ’ উপলক্ষে চৈরাউবা উদযাপন পর্ষদ এর আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কবি ও গবেষক এ কে শেরামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কমলগঞ্জ উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান বিলকিস বেগম।

বিশেষ অতিথি ছিলেন কথাসাহিত্যিক ও সাংবাদিক আকমল হোসেন নিপু, মৌলভীবাজার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সালেহ এলাহী কুটি, কবি ও গবেষক চৌধুরী বাবুল বড়ুয়া, এনআরবি ব্যাংকের ভাইস চেয়ারম্যান প্রশান্ত সিংহ, তেতইগাঁও রশিদ উদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল মতিন, আদমপুর ইউপি সদস্য কে. মনিন্দ্র সিংহ, কবি সনাতন হামোম, ইবুংহাল শ্যামল প্রমুখ।

রাতে মণিপুরী কালচারাল কমপ্লেক্স প্রাঙ্গণে মণিপুরী যুবক-যুবতীদের অংশগ্রহণে থাবল চোংবা নৃত্য (উন্মুক্ত স্থানে অনেক যুবক-যুবতীর অংশগ্রহণে মণিপুরিদের বর্ণাঢ্য লোকনৃত্যের পরিবেশনা) অনুষ্ঠিত হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.