Sylhet Today 24 PRINT

হবিগঞ্জে সিরিজ বোমা বিস্ফোরণ : জেএমবি নেতা সালাউদ্দিনের জামিন না মঞ্জুর

হবিগঞ্জ প্রতিনিধি |  ০৯ আগস্ট, ২০১৫

হবিগঞ্জে সিরিজ বোমা বিস্ফোরণ মামলার সাক্ষী আদালতে হাজির না হওয়ায় সাক্ষ্যগ্রহণ করা হয়নি। এছাড়া জেএমপি সদস্য সালাউদ্দিন ওরফে সালেহীনের জামিন আবেদন না-মঞ্জুর করেন বিচারক। রোববার রোববার সাক্ষ্যগ্রহণের নির্ধারিত দিনে হবিগঞ্জের অতিরিক্ত জেলা দায়রা জজ ও বিশেষ ট্রাইব্যুনাল-২ এর বিচারক মাফরোজা পারভীন জামিন আবেদন না মঞ্জুর করেন।

রোববার সকালে কড়া নিরাপত্তায় মামলার আসামী জেএমবি প্রধান মাওলানা সাইদুর রহমান, তার ছেলে জেএমবি’র আইটি বিশেষজ্ঞ এএইচএম শামীম, আজিজুল ইসলাম গাজী ওরফে আজিজ, হাফেজ হুজাইফা ওরফে ওবাইদুল্লাহ, বেলাল হোসেন ওরফে তামীম ও সালাউদ্দিন ওরফে সালেহীনকে আদালতে হাজির করা হয়। এসময় রাষ্ট্রপক্ষ আদালতে সাক্ষী হাজির না হওয়ায় সাক্ষ্যগ্রহণের জন্য সময় প্রার্থনা করেন। বিজ্ঞ বিচারক মাহফুজা পারভীন রাষ্ট্রপক্ষের আবেদন মঞ্জুর করেন। এসময় জেএমবি সদস্য সালাউদ্দিন ওরফে সালেহীনের জামিন আবেদন করেন তার আইনজীবী অ্যাডভোকেট সফিকুর রহমান চৌধুরী। পরে উভয়পক্ষের শুনানি শেষে বিচারক সালাউদ্দিন ওরফে সালেহীনের জামিন আবেদন না-মঞ্জুর করেন। মামলার পরবর্তী তারিখ নির্ধারণ করা হয় আগামী ১১ অক্টোবর।

অতিরিক্ত পিপি অ্যাডভোকেট আব্দুল আহাদ ফারুক জানান, কোন সাক্ষী হাজির না হওয়ায় আদালত সাক্ষ্যগ্রহণ করেননি। ন্যায় বিচারের স্বার্থে বিচারক সালাউদ্দিনের জামিন না-মঞ্জুর করেন।

প্রসঙ্গত, ২০০৫ সালের ১৭ আগস্ট সারাদেশের ন্যায় হবিগঞ্জ শহরের গুরুত্বপূর্ণ ৫টি স্থানে একযোগে সিরিজ বোমা বিস্ফোরণ ঘটে। এ ঘটনার পর পুলিশ বাদী হয়ে পৃথক ৫টি মামলা দায়ের করে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.