Sylhet Today 24 PRINT

ঈদের পর সিলেট বিএনপির সম্মেলনের নির্দেশ তারেকের

সিলেটটুডে ডেস্ক |  ০৮ এপ্রিল, ২০১৯

আসছে ঈদুল ফিতরের পর সিলেট বিএনপির সম্মেলনের নির্দেশ দিয়েছেনবাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

সোমবার (৮ এপ্রিল) সন্ধ্যা পৌণে ৬টায় বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে স্কাইপের মাধ্যমে সিলেট জেলা বিএনপির নেতাদের সাথে বৈঠক করেন তারেক রহমান। সেই বৈঠকে তিনি এ নির্দেশ দেন।

প্রায় দুই ঘন্টাব্যপী চলা বৈঠকে  তারেক রহমান সিলেট জেলার নেতৃবৃন্দের কাছে সাংগঠনিক অবস্থা জানতে চান। তখন উপস্থিত সিলেটের নেতৃবৃন্দ তার কাছে সাংগঠনিক অবস্থান এবং বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। জেলার আওতাধীন ১৭টি উপজেলা ও পৌর ইউনিটের কমিটি এবং নেতাকর্মীদের অবস্থানের ব্যাপারে তথ্য নেন তারেক। একই সাথে সিলেটে বিএনপির অঙ্গসংগঠনগুলোর কার্যক্রমের বিষয়েও নেতৃবৃন্দের কাছে জানতে চান তিনি।

বৈঠক থেকে আগামী ১৫ মে’র মধ্যে সিলেট জেলার আওতাধীন উপজেলা ও পৌর বিএনপি পুনর্গঠন করে রিপোর্ট কেন্দ্রে পাঠানোর জন্য নির্দেশ দেওয়া হয়।

সেই সাথে বিভিন্ন উপজেলায় দলের গুরুত্বপূর্ণ পদধারী যেসব নেতা এলাকা ছেড়ে বাইরে অবস্থান করছেন তাদের তালিকা করার নির্দেশ দেন তিনি। এসব নেতা ভবিষ্যতে দলে থাকলেও গুরুত্বপূর্ণ পদ যাতে না পান সে বিষয়ে লক্ষ্য রাখারও নির্দেশ দেন তারেক রহমান।

বৈঠকে উপস্থিত ছিলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী, ভাইস চেয়ারম্যান ডা. জাহিদ হোসেন, চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির, সাংগঠনিক সম্পাদক ডা. শাখাওয়াত হোসেন জীবন, সহসাংগঠনিক সম্পাদক কলিম উদ্দিন মিলন, সিলেট জেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি আবুল কাহির চৌধুরী, সাধারণ সম্পাদক আলী আহমদ, যুগ্ম সম্পাদক মাহবুবুর রব ফয়সল, আছকির আলী, সাংগঠনিক সম্পাদক হাসান পাটোয়ারি রিপন, আব্দুল আহাদ খান জামাল, আবুল কাশেম ও শামিম আহমদ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.