Sylhet Today 24 PRINT

কুলাউড়ায় অভিনব কায়দায় মোটরসাইকেল চুরি

কুলাউড়া প্রতিনিধি |  ০৯ এপ্রিল, ২০১৯

কুলাউড়া পৌর শহরের মিলি প্লাজার সম্মুখ থেকে অভিনব কায়দায় একটি গ্লামার মোটরসাইকেল (সিলেট-হ-১৪৪৭৮০) চুরি হয়েছে। এঘটনায় উপজেলা উপস্বাস্থ্যসহকারী হেমন্ত চন্দ্র পাল কুলাউড়া থানায় একটি অভিযোগ করেছেন।

৮ এপ্রিল সোমবার দুপুর আড়াইটার দিকে এ ঘটনা ঘটে। মিলি প্লাজার নিজস্ব সিসিটিভি ফুটেজে চুরির ঘটনা ধরা পড়ে। তবে এঘটনায় এ পর্যন্ত কাউকে আটক কিংবা মোটরসাইকেল উদ্ধার করা যায় নি।

সিসিটিভি ফুটেজে দেখা যায়, তিনজনের একটি টিম এই চুরিতে সম্পৃক্ত। প্রথমজন এসে মার্কেটের সামনে অবস্থান নেয়। এসময় মোটরসাইকেল চালক কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপসহকারী চিকিৎসক ডা. হেমন্ত চন্দ্র পাল এসে মার্কেটের সামনে সাইকেল পার্কিং করে ভিতরে যান। এসময় দ্বিতীয় ব্যক্তি ডা. হেমন্তকে অনুসরণ করে ভিতরে যায়। তৃতীয় ব্যক্তিটি এসে সাইকেলের পাশে দাঁড়িয়ে ঘাঁড় ভেঙ্গে দিয়ে মার্কেটের সামনে দাঁড়িয়ে থাকে। ওইসময় প্রথমে এসে অবস্থানরত ব্যক্তি সাইকেলে বসে স্টার্ট দিয়ে দক্ষিণ বাজারের দিকে চলে যায়।

এবিষয়ে কুলাউড়া থানার অফিসার ইনচার্জ ইয়ারদৌস হাসান ঘটনার বলেন, অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.