Sylhet Today 24 PRINT

হবিগঞ্জে বিআরটিএ অফিসে দুদকের অভিযান, দালালকে দণ্ড

হবিগঞ্জ প্রতিনিধি |  ০৯ এপ্রিল, ২০১৯

হবিগঞ্জে বিআরটিএ অফিসে অভিযান চালিয়েছে দুদকের কর্মকর্তারা। এসময় জসিম উদ্দিন (২৯) নামে এক দালালকে আটক করে কারাদণ্ড দেয়া হয়েছে। জসিম উদ্দিন শহরতলীর বড় বহুলা গ্রামের আব্দুল মন্নানের পুত্র।

মঙ্গলবার (৯ এপ্রিল) বিকেলে হবিগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে অবস্থিত বিআরটিএ কার্যালয়ে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. ইয়াছিন আরাফাত ও হবিগঞ্জ দুদকের কর্মকর্তা অসীম কুমার সাহা’র নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. ইয়াছিন আরাফাত জানান, বেশ কিছুদিন যাবত হবিগঞ্জ বিআরটিএ’র কার্যালয়ে দালালদের দৌরাত্ম্য বৃদ্ধি পেয়েছে। এর প্রেক্ষিতে ওই অফিসে অভিযান চালানো হয়। এসময় জসিম উদ্দিন নামে এক দালালকে হাতে নাতে আটক করা হয়। পরে তাকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১৫ দিনের কারাদণ্ড প্রদান দেওয়া হয়েছে।

মো. ইয়াছিন আরাফাত আরও জানান, হবিগঞ্জ বিআরটিএ’র অফিসকে দালাল মুক্ত করতে এ অভিযান অব্যাহত থাকবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.