Sylhet Today 24 PRINT

সিলেট গ্যাস ফিল্ডের এমডির ঝুলন্ত লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক |  ১০ এপ্রিল, ২০১৯

সিলেট গ্যাস ফিল্ড লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক (এমডি) লুৎফুর রহমানের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (১০ এপ্রিল) বেলা সাড়ে ১১টায় হরিপুরের গ্যাস ফিল্ডস্থ বাংলো থেকে তার লাশ উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানান, প্রতিদিন সকাল ৯টায় সিলেট গ্যাস ফিল্ডের ব্যবস্থাপনা পরিচালক (প্রকৌশলী) লুৎফুর রহমান অফিসে আসেন। বুধবার সকাল ১০টায় অফিসে না আসায় অফিসের লোকজন তার বাসায় খোঁজ নেন। এ সময় বাসায় লুৎফুর রহমানের ঝুলন্ত লাশ দেখে পুলিশে খবর দেওয়া হয়। পরে পুলিশ লাশ উদ্ধার করে।

সিলেট গ্যাসফিল্ড লিমিটেডের উপ-ব্যবস্থাপক মো. শাহ আলম জানান, সকালে অফিসে আসতে দেরী হওয়ায় সহকর্মীরা তাকে ফোন করছিলেন। কোন সাড়া না পেয়ে গ্যাস ফিল্ড অফিসের ভেতর তার বাসভবনে গিয়ে জানালা দিয়ে ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় তার লাশ দেখতে পান। এ সময় এই কক্ষের দরজা ভেতর থেকে লাগানো ছিল।

ঘটনার সত্যতা নিশ্চিত করে জৈন্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মো. মাইনুল জাকির জানান, খবর পেয়ে পুলিশ লুৎফুর রহমানের লাশ উদ্ধার করেছে। ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার মাহবুব আলম জানান, আলামত সংগ্রহ ও লাশ উদ্ধারে সিআইডির ক্রাইম সিন ইউনিটকে তলব করা হয়েছে। সুরতহাল শেষে ময়না তদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে। তবে, কি কারনে লুৎফর রহমানের মৃত্যু হয়েছে তা খতিয়ে দেখছে পুলিশ।

নিহতের সহকর্মীরা জানান, গ্যাস ফিল্ডের বাসভবনে লুৎফুর একা বসবাস করতেন। এক ছেলে ও এক মেয়েকে নিয়ে তার স্ত্রী ঢাকায় থাকেন।

সিলেট গ্যাস ফিল্ডের ব্যবস্থাপনা পরিচালক লুৎফুর রহমানের (৫৫) বাড়ি ময়মনসিংহ। ২০১৮ সালের ৮ এপ্রিল সিলেট গ্যাস ফিল্ডস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে যোগদান করেন তিনি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.