Sylhet Today 24 PRINT

ময়নাতদন্তের জন্য ওসমানীতে সিলেট গ্যাস ফিল্ডের এমডির লাশ

নিজস্ব প্রতিবেদক |  ১০ এপ্রিল, ২০১৯

সিলেট গ্যাস ফিল্ড লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মো. লুৎফুর রহমানের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

বুধবার (১০ এপ্রিল) বিকাল সোয়া চারটার দিকে গ্যাস ফিল্ডের অ্যাম্বুলেন্সযোগে লাশ ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

এর আগে সকাল সাড়ে ১১টায় জৈন্তাপুর উপজেলার হরিপুর এলাকায় সিলেট গ্যাস ফিল্ডের এমডির বাংলোয় তার শয়নকক্ষে মরদেহটি ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়।  

সিলেট গ্যাস ফিল্ড লিমিটেডের উপ-ব্যবস্থাপক মো. শাহ আলম জানান, সকালে অফিসে আসতে দেরী হওয়ায় সহকর্মীরা তাকে ফোন করছিলেন। কোন সাড়া না পেয়ে গ্যাস ফিল্ড অফিসের ভেতর তার বাসভবনে গিয়ে জানালা দিয়ে ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় তার লাশ দেখতে পান। এ সময় এই কক্ষের দরজা ভেতর থেকে লাগানো ছিল।

এরপর জৈন্তাপুর থানা পুলিশকে খবর দেন গ্যাস ফিল্ডের কর্মকর্তারা। খবর পেয়ে পুলিশ এসে ঘটনাস্থল ঘিরে রাখে।

পরে বিকেল ৩টার দিকে সিআইডির ক্রাইম সিন ইউনিট এসে বিভিন্ন আলামত সংগ্রহ করে।

তবে কি কারণে লুৎফুর রহমানের মৃত্যু হয়েছে তা খতিয়ে দেখছে পুলিশ। ময়নাতদন্তের পর হত্যা না আত্মহত্যা তা নিশ্চিত হওয়া যাবে।

নিহতের সহকর্মীরা জানান, গ্যাস ফিল্ডের বাসভবনে লুৎফুর একা বসবাস করতেন। এক ছেলে ও এক মেয়েকে নিয়ে তার স্ত্রী ঢাকায় থাকেন।

লুৎফুরের বাড়ি ময়মনসিংহে। ২০১৮ সালের ৮ এপ্রিল সিলেট গ্যাস ফিল্ডস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে যোগদান করেন তিনি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.